‘মেগা’ ডিটেনশন সেন্টারের প্রস্তাবের বিরোধিতা হাচিন্সের মেয়রের
ডালাসের দক্ষিণ–পূর্বে হাচিন্স শহরে আইসিইর একটি প্রস্তাবিত ‘মেগা’ ডিটেনশন সেন্টার গড়ে তোলার খবরে তীব্র আপত্তি জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও নগর কর্তৃপক্ষ। সম্ভাব্য এই কেন্দ্রে প্রায় ১০ হাজার মানুষ রাখার পরিকল্পনার কথা বলা হচ্ছে, যা শহরটির মোট জনসংখ্যার চেয়েও প্রায় চার হাজার বেশি।

খবর অনুযায়ী, ইন্টারস্টেট–৪৫ ও ইন্টারস্টেট–২০ সংযোগস্থলের কাছে প্রায় ১০ লাখ বর্গফুটের একটি গুদাম ভবনকে ফেডারেল ডিটেনশন সেন্টারে রূপান্তরের বিষয়টি বিবেচনায় আছে। তবে হাচিন্স সিটি কর্তৃপক্ষ বলছে, এ বিষয়ে তারা এখনো ফেডারেল সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক নথি বা তথ্য পায়নি।
সোমবার রাতে সিটি কাউন্সিলের বৈঠকে জনমত পর্বে বাসিন্দারা প্রকল্পটির বিরুদ্ধে সরব হন। স্থানীয় বাসিন্দা আন্তোনিও সোটো বলেন, শহরের চেয়েও বেশি মানুষকে এখানে আটক রাখার চিন্তা ‘অমানবিক’, যা মানুষের সঙ্গে পশুর মতো আচরণ করার শামিল।
মেয়র মারিও ভাসকেজ জানান, তিনি ও সিটি কাউন্সিল প্রস্তাবিত কেন্দ্রটির বিরোধিতা করছেন। তবে অভিবাসন বিষয়টি ফেডারেল এখতিয়ারভুক্ত হওয়ায় শহরের সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন তিনি। এদিকে, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে জানিয়েছে, আপাতত নতুন কোনো ডিটেনশন সেন্টার ঘোষণার মতো তথ্য তাদের নেই।
মেয়র ভাসকেজ আরও বলেন, নতুন তথ্য পাওয়া গেলে জনস্বার্থে টাউন হল বৈঠক করে বিষয়টি স্পষ্ট করা হবে।
তথ্যসূত্র: ফক্স ফোর