দুর্ঘটনায় বাসে আগুন, জীবন্ত দগ্ধ ৯ জনের মৃত্যু
ভারতের কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৪৮ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের ধাক্কায় বেসরকারি একটি স্লিপার বাসে আগুন ধরে গেলে এই ঘটনা ঘটে। বাসটি বেঙ্গালুরু থেকে শিমোগা যাচ্ছিল।

বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ডিভাইডার টপকে সজোরে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের তেলের ট্যাংকে আঘাত লাগে এবং জ্বালানি ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়।
পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত আটজন যাত্রী ও ট্রাকচালকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কয়েকজন যাত্রী জানালা ভেঙে কোনোভাবে বাস থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন।
দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে আদিত্য নামের এক যাত্রী বলেন, ‘চারদিকে শুধু মানুষের চিৎকার। বাসে আগুন ধরে যাওয়ার পর দরজা খুলছিল না। আমরা জানালার কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করি। সবাই একে অপরকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে।’
এই দুর্ঘটনার কারণে তুমকুর রোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গোকর্ণগামী এক নারী পর্যটক জানান, প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানজটে আটকে পড়তে হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।
এর আগে গত নভেম্বরে তেলেঙ্গানাতেও একই ধরনের একটি দুর্ঘটনায় ২০ জন নিহত হন। হায়দরাবাদ–বিজাপুর মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে বাসটির ভেতরে পাথর ঢুকে পড়ে বহু যাত্রী চাপা পড়েন।
তথ্যসূত্র: এনডিটিভি