জুলাইয়ের মধ্যেই ফতুর হয়ে যাবে জাতিসংঘ: মহাসচিবের সতর্কবার্তা
সদস্য দেশগুলোর বকেয়া চাঁদা পরিশোধ না করায় জাতিসংঘ আগামী জুলাইয়ের মধ্যেই গুরুতর আর্থিক ধসে পড়তে পারে—এমন সতর্কবার্তা দিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, বর্তমান সংকট এতটাই গভীর যে, সময়মতো অর্থ না পেলে জাতিসংঘের তহবিল শূন্য হয়ে যেতে পারে।

গুতেরেস জানান, ১৯৩টি সদস্য দেশের জন্য নির্ধারিত বাধ্যতামূলক চাঁদা পরিশোধ না হলে আর্থিক নিয়মকাঠামোয় মৌলিক সংস্কার ছাড়া বিকল্প থাকবে না। তাঁর ভাষায়, ‘যে অর্থ আদায় হয়নি, তা দিয়ে বাজেট বাস্তবায়ন সম্ভব নয়—আর যা কখনো পাইনি, সেটি ফেরত দেওয়াও অসম্ভব।’
মহাসচিব বলেন, অতীতেও আর্থিক সংকট এসেছে, তবে এবার পরিস্থিতি ভিন্ন—কারণ অনুমোদিত নিয়মিত বাজেটের বড় অংশের অর্থ না দেওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তাঁর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষে বকেয়া অর্থ মোট প্রাপ্যের ৭৭ শতাংশে পৌঁছেছে, যা নতুন রেকর্ড।
সতর্কবার্তাটি এসেছে এমন সময়ে, যখন জাতিসংঘের সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র নিয়মিত ও শান্তিরক্ষা বাজেটে অর্থ দেওয়া কমিয়েছে এবং একাধিক সংস্থা থেকে সরে দাঁড়িয়েছে। গুতেরেস জোর দিয়ে বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী নির্ধারিত চাঁদা পরিশোধ সদস্য দেশগুলোর আইনি বাধ্যবাধকতা এবং পুরো ব্যবস্থার অখণ্ডতা এর ওপরই নির্ভরশীল।
তথ্যসূত্র: বিবিসি