রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতির রক্তাক্ত লাশ
রংপুরের তারাগঞ্জে বাড়ি থেকে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় মৃত উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তাঁর স্ত্রী সুর্বণা রায় (৬৫)।
রংপুরের তারাগঞ্জে বাড়ি থেকে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় মৃত উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তাঁর স্ত্রী সুর্বণা রায় (৬৫)।
পুলিশের ধারণা, শনিবার গভীর রাতে উত্তর রহিমাপুরের বাড়িটিতে হত্যাকাণ্ড ঘটে। রোববার সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে স্থানীয়রা মই বেয়ে ঘরে ঢুকে প্রথমে ডাইনিং রুমে যোগেশ রায় এবং রান্নাঘরে সুর্বণা রায়ের মরদেহ দেখতে পান। দরজা ভেতর থেকে তালাবদ্ধ ছিল।
বাড়ির দীর্ঘদিনের কর্মচারী দীপক চন্দ্র রায় জানান, প্রতিদিনের মতো সকালে কাজে গিয়ে নড়াচড়া না দেখে সন্দেহ হলে তিনি প্রতিবেশীদের ডাকেন। পরে ভেতরে ঢুকে দম্পতির লাশ পড়ে থাকতে দেখেন।
স্থানীয়রা জানান, যোগেশ চন্দ্র রায় পেশায় শিক্ষক ছিলেন এবং ২০১৭ সালে প্রধান শিক্ষক পদ থেকে অবসর নেন। বড় ছেলে জয়পুরহাটে চাকরি করেন, ছোট ছেলে ঢাকায় পুলিশ বিভাগে কর্মরত। স্বামী-স্ত্রী গ্রামে একাই থাকতেন।
তারাগঞ্জ থানার ওসি ফাইয়ুম তালুকদার বলেন, দুজনকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা মিলেছে। ঘটনা তদন্তে পুলিশ ও গোয়েন্দারা কাজ শুরু করেছে। মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: ডেইল স্টার