বিএনপির ‘গ্রিন সিগন্যালেই’ খোলা হচ্ছে আ.লীগ কার্যালয়: অভিযোগ নাহিদের
জাতীয় সংসদ নির্বাচনের পর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার পেছনে বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ রয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপির সবুজ সংকেত ছাড়া আওয়ামী লীগ এ উদ্যোগ নেওয়ার সাহস পেত না।
জাতীয় সংসদ নির্বাচনের পর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার পেছনে বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ রয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপির সবুজ সংকেত ছাড়া আওয়ামী লীগ এ উদ্যোগ নেওয়ার সাহস পেত না।
রাজধানীর বাংলামোটরে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও নতুন মন্ত্রিসভা নিয়ে দলীয় পর্যালোচনা তুলে ধরতে এ আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, সাম্প্রতিক নির্বাচনে ভারত, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে একধরনের যোগসাজশ হয়েছে। আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিভিন্ন জেলায় কার্যালয় খোলার ঘটনায় প্রশাসনের জবাবদিহি দাবি করে তিনি বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি বলেন, দলীয় নিয়ন্ত্রণের প্রবণতা দেখা যাচ্ছে, যা বন্ধ হওয়া উচিত। দ্রুত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে জাতীয় সংসদ ও সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানেরও দাবি জানান তিনি।
নতুন মন্ত্রিসভাকে ‘পুরোনো বন্দোবস্তের ধারাবাহিকতা’ আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, এতে আঞ্চলিক ভারসাম্য ও অন্তর্ভুক্তির ঘাটতি রয়েছে। মন্ত্রিসভার বড় অংশ ব্যবসায়ী হওয়ায় স্বার্থসংঘাতের ঝুঁকির কথাও উল্লেখ করেন তিনি।
আইনের শাসন নিশ্চিত, পুলিশে দলীয়করণ বন্ধ, নারীর নিরাপত্তা জোরদার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আলোচিত অপরাধের নিরপেক্ষ তদন্তের দাবি জানান এনসিপির আহ্বায়ক। গণভোট বাতিল হলে সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।
ডালাস বার্তা প্রতিবেদক