সব সিন্ডিকেট ভাঙতে বদ্ধপরিকর বিএনপি সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অনাচার-অনিয়মের সঙ্গে জড়িত সব সিন্ডিকেট ভেঙে দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। দায়িত্ব নেওয়ার পর বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অনাচার-অনিয়মের সঙ্গে জড়িত সব সিন্ডিকেট ভেঙে দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। দায়িত্ব নেওয়ার পর বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, হাজারো প্রাণের বিনিময়ে একটি ‘মাফিয়া সিন্ডিকেট’-এর পতন ঘটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সব ক্ষেত্রে অনিয়মের চক্র ভেঙে দেওয়া হবে।
দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। এ সময়ে মানুষের ভোগান্তি বাড়া উচিত নয়। কিন্তু দুঃখজনকভাবে অতিরিক্ত মুনাফার প্রবণতা দেখা যায়। ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রমজানের পবিত্রতাকে অতিরিক্ত লাভের সুযোগ হিসেবে না দেখে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে হবে।
ক্ষুদ্র, মাঝারি ও বড়—সব ধরনের ব্যবসায়ীর প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ‘সহজ ও স্পষ্ট’ উল্লেখ করে তিনি বলেন, সরকার ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বাজার নিয়ন্ত্রণ ও স্বার্থ সুরক্ষায় কী উদ্যোগ নেওয়া উচিত—এ বিষয়ে পরামর্শ ও অভিযোগ জানাতে সরকার প্রস্তুত।
তিনি আরও বলেন, “এই সরকার সবার—ক্রেতা, বিক্রেতা ও সাধারণ মানুষের। ভোটের মাধ্যমে আপনারাই এ সরকারকে দায়িত্ব দিয়েছেন।”
মঙ্গলবার দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তারেক রহমানের প্রথম জাতির উদ্দেশে ভাষণ।
এর আগে বুধবার সকালে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করে মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন প্রধানমন্ত্রী।
ডালাস বার্তা প্রতিবেদক