নর্থ টেক্সাসে একাধিক স্কুলে বোমা হুমকির ভুয়া বার্তা, তদন্তে পুলিশ

নর্থ টেক্সাসের তিনটি পৃথক স্কুল ডিস্ট্রিক্টে বোমা হামলার হুমকির একই ধরনের বার্তা ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কর্তৃপক্ষ বলছে, এটি সমন্বিত ভুয়া হুমকি হতে পারে।

Feb 19, 2026 - 13:08
নর্থ টেক্সাসে একাধিক স্কুলে বোমা হুমকির ভুয়া বার্তা, তদন্তে পুলিশ
কপেল হাই স্কুল। ছবি: ফক্স ফোর

নর্থ টেক্সাসের তিনটি পৃথক স্কুল ডিস্ট্রিক্টে বোমা হামলার হুমকির একই ধরনের বার্তা ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কর্তৃপক্ষ বলছে, এটি সমন্বিত ভুয়া হুমকি হতে পারে।

কপেলের কপেল হাই স্কুলে সকাল ৮টা ২০ মিনিটের দিকে সম্ভাব্য হুমকির খবর পায় স্কুল কর্তৃপক্ষ পুলিশ। সঙ্গে সঙ্গে স্কুল খোলা বিলম্বিত করা হয় এবং ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীকর্মীদের সরিয়ে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের একটি নির্ধারিত পুনর্মিলন কেন্দ্রে নেওয়া হয়। দিনভর স্কুল বন্ধ ঘোষণা করা হয়।

একই সকালে আনা হাই স্কুলেও একই ধরনের বার্তা আসে। সুপারিনটেনডেন্ট টনি টাকার জানান, ভোর ৬টার আগেই তারা বার্তাটি পান এবং পরে জানতে পারেন, রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টে একই বার্তা গেছে। তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি।

অন্যদিকে ডানকানভিল হাই স্কুলে ক্লাস চালু ছিল। কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা আসার আগেই ক্যাম্পাসে তল্লাশি শেষ করা হয়।

অস্টিন সান অ্যান্টোনিওর আশপাশসহ সেন্ট্রাল টেক্সাসের কয়েকটি স্কুলেও একই দিনে বোমা হুমকি আসে।

তদন্তকারীরা এখনো হুমকির সুনির্দিষ্ট ধরন বা ঘটনাগুলোর পারস্পরিক সংযোগ সম্পর্কে বিস্তারিত জানাননি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

অপরাধবিশেষজ্ঞ অ্যালেক্স ডেল কারমেন বলেন, ভুয়া হলেও এমন হুমকি গুরুতর অপরাধ এবং এতে জননিরাপত্তা সংস্থার বিপুল সম্পদ ব্যয় হয়। তার মতে, একই ধরনের বার্তা একাধিক স্থানে যাওয়ায় একজন বা একই উৎস জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

সব কটি ক্যাম্পাস জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামীকাল নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্লাস পুনরায় শুরু হবে।

তথ্যসূত্র: ফক্স ফোর