সোশ্যাল মিডিয়ায় কেন প্রেমিককে লুকিয়ে রাখছেন মেয়েরা
সোশ্যাল মিডিয়ায় নিজের জীবন প্রকাশ্যে আনলেও প্রেমিকের মুখ আড়াল রাখছেন অনেক নারী। ইনস্টাগ্রামে লাখো অনুসারী থাকলেও তাঁরা সম্পর্ক নিয়ে নীরব। কারও ছবিতে দেখা যায় কেবল কফির দুই কাপ, কারও ফ্রেমে প্রেমিকের পেছন দিক—তবু মুখ গোপন।
সোশ্যাল মিডিয়ায় নিজের জীবন প্রকাশ্যে আনলেও প্রেমিকের মুখ আড়াল রাখছেন অনেক নারী। ইনস্টাগ্রামে লাখো অনুসারী থাকলেও তাঁরা সম্পর্ক নিয়ে নীরব। কারও ছবিতে দেখা যায় কেবল কফির দুই কাপ, কারও ফ্রেমে প্রেমিকের পেছন দিক—তবু মুখ গোপন।
২৪ বছর বয়সী ইনফ্লুয়েন্সার তাওয়ানা মুসভাবুরি বলেন, ‘আমি চাই না কেউ ভাবুক আমার অর্জনে কোনো পুরুষের ভূমিকা আছে। আমি নিজেকে স্বনির্ভর নারী হিসেবেই তুলে ধরতে চাই।’ এমনকি বাগদান হলেও তিনি সম্পর্ক নিয়ে কোনো পোস্ট করবেন না বলেও জানান।
এই প্রবণতা শুধু তাওয়ানার নয়। ব্রিটিশ ভোগ সাময়িকীর সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে, ‘বয়ফ্রেন্ড থাকা কি এখন বিব্রতকর?’ সাংবাদিক চান্তে জোসেফ লেখেন, এখন অনেক তরুণী প্রেমিক থাকা নিয়ে গর্ব করেন না, আবার তা লুকাতেও চান না—বরং তাঁরা সম্পর্ককে ব্যক্তিগত বিষয় হিসেবেই রাখতে চান।
লন্ডনের কনটেন্ট ক্রিয়েটর স্টেফানি ইয়েবোয়া জানান, একসময় প্রেমিকের ছবি পোস্ট করার পর এক দিনে প্রায় এক হাজার অনুসারী হারিয়েছিলেন তিনি। তাঁর অভিজ্ঞতায়, অনেকে নারী ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে ‘স্বাধীনতার ইমেজ’ আশা করে—প্রেমিক দেখলে আগ্রহ কমে যায়।
বিশেষজ্ঞরাও বলছেন, এটি এখন কেবল গোপনীয়তার বিষয় নয়। মিশিগান স্টেট ইউনিভার্সিটির সমাজমনোবিজ্ঞানী ড. গেন্ডোলিন সিডম্যান বলেন, ‘একবার অনলাইনে কিছু পোস্ট করলে তা আর পুরোপুরি মুছে ফেলা যায় না। তাই মানুষ এখন সম্পর্কসহ ব্যক্তিগত তথ্য শেয়ার করতে বেশি সতর্ক।’
তথ্যসূত্র: বিবিসি