গ্রিনল্যান্ডে ভাসমান হাসপাতাল পাঠাচ্ছেন ট্রাম্প, ডেনমার্ক বলছে ‘প্রয়োজন নেই’
ডেনমার্কের স্বায়ত্তশাসিত আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের একটি ‘বৃহৎ হাসপাতাল জাহাজ’ পাঠানোর পরিকল্পনা নাকচ করেছে ডেনমার্ক।
ডেনমার্কের স্বায়ত্তশাসিত আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের একটি ‘বৃহৎ হাসপাতাল জাহাজ’ পাঠানোর পরিকল্পনা নাকচ করেছে ডেনমার্ক।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ট্রোলস লুন্ড পোলসেন রোববার জানান, গ্রিনল্যান্ডে বিশেষ স্বাস্থ্য সহায়তার প্রয়োজন নেই এবং এ ধরনের কোনো পরিকল্পনার বিষয়ে কোপেনহেগেনকে আগে থেকে অবহিতও করা হয়নি।
একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন, একটি হাসপাতাল জাহাজ দ্বীপটিতে পাঠানো হচ্ছে, যা ‘অসুস্থ ও সেবা না পাওয়া বহু মানুষের’ চিকিৎসা করবে। তবে নর্ডিক আঞ্চলিক কাঠামো অনুযায়ী গ্রিনল্যান্ডে স্বাস্থ্যসেবা বিনামূল্যে ও সমানভাবে সবার জন্য উন্মুক্ত, প্রেসক্রিপশন ওষুধও এর আওতায়।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন নাম উল্লেখ না করেই বলেন, তিনি এমন দেশে বাস করতে পেরে আনন্দিত যেখানে সবার জন্য সমান ও বিনামূল্যের স্বাস্থ্যসেবা নিশ্চিত—এ একই ব্যবস্থা গ্রিনল্যান্ডেও রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই ঘোষণা গ্রিনল্যান্ডকে ঘিরে ট্রাম্পের দীর্ঘদিনের আগ্রহ ও চাপ সৃষ্টির কৌশলেরই অংশ। অতীতে দ্বীপটি অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। পোস্টে তিনি জেফ ল্যান্ড্রির সঙ্গে কাজ করার কথা বলেন এবং মার্কিন নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ইউএসএনএস মার্সি’র ছবি শেয়ার করেন। তবে জাহাজটি বর্তমানে রক্ষণাবেক্ষণে রয়েছে বলে সামুদ্রিক সূত্র জানিয়েছে।
তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস