সুপ্রিম কোর্টের বিচারপতিদের ‘সংবিধানের প্রতি অবিশ্বস্ত’ বললেন শুল্ক রায়ে ক্ষুব্ধ ট্রাম্প
শুল্ক সংক্রান্ত রায়ে নিজের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতিদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সংখ্যাগরিষ্ঠ মত দেওয়া বিচারপতিদের ‘জাতির জন্য লজ্জাজনক’ ও ‘সংবিধানের প্রতি অবিশ্বস্ত’ বলে মন্তব্য করেছেন।
শুল্ক সংক্রান্ত রায়ে নিজের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতিদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সংখ্যাগরিষ্ঠ মত দেওয়া বিচারপতিদের ‘জাতির জন্য লজ্জাজনক’ ও ‘সংবিধানের প্রতি অবিশ্বস্ত’ বলে মন্তব্য করেছেন।
৬-৩ ভোটে ট্রাম্পের আরোপিত অধিকাংশ শুল্ক বাতিল করে দেন বিচারপতিরা। এ রায়ে সংখ্যাগরিষ্ঠে ছিলেন ট্রাম্প নিজে নিয়োগ দেওয়া বিচারপতি নীল গোরসাচ ও অ্যামি কোনি ব্যারেটসহ ছয়জন। তবে ভিন্নমত পোষণ করেন বিচারপতি ক্লারেন্স থমাস, স্যামুয়েল অ্যালিটো ও ব্রেট কাভানো—যাঁদের প্রকাশ্যে প্রশংসা করেন ট্রাম্প।
হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘দেশের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস না দেখানোয় আমি আদালতের কিছু সদস্যের জন্য লজ্জিত।’ তিনি অভিযোগ করেন, সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা ‘বিদেশি স্বার্থে প্রভাবিত’, যদিও এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি।
ট্রাম্প বিশেষভাবে বিচারপতি কাভানোর প্রশংসা করে বলেন, ‘আমি তার জন্য গর্বিত।’ অন্যদিকে গোরসাচ ও ব্যারেটের ভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের সিদ্ধান্ত ভয়াবহ। এটা তাদের পরিবারের জন্যও বিব্রতকর।’
প্রেসিডেন্টরা গুরুত্বপূর্ণ নীতিগত রায়ে অসন্তোষ প্রকাশ করলেও, এমন ব্যক্তিগত ও কড়া ভাষায় সুপ্রিম কোর্টকে আক্রমণ করা বিরল ঘটনা বলে বিশ্লেষকদের মত। আগামী মঙ্গলবারের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্পের সঙ্গে বিচারপতিদের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘তারা আসুক বা না আসুক, আমার কিছু যায় আসে না।’
রায় ঘোষণার পরই বাতিল হওয়া শুল্কের বিকল্প হিসেবে নতুন শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছেন ট্রাম্প।
তথ্যসূত্র: এনবিসি নিউজ