তিন বছরের মধ্যে প্রথমবার সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্রের ফেড, ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ২০২৩ সালের পর প্রথমবারের মতো সুদের হার বাড়িয়েছে। বুধবার ০.২৫ শতাংশ পয়েন্ট বৃদ্ধিতে কেন্দ্রীয় ব্যাংকের মূল সুদের হার দাঁড়িয়েছে প্রায় ৩ দশমিক ৯ শতাংশে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ২০২৩ সালের পর প্রথমবারের মতো সুদের হার বাড়িয়েছে। বুধবার ০.২৫ শতাংশ পয়েন্ট বৃদ্ধিতে কেন্দ্রীয় ব্যাংকের মূল সুদের হার দাঁড়িয়েছে প্রায় ৩ দশমিক ৯ শতাংশে।
অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ফেডের চেয়ার কেভিন ওয়ার্শ বলেন, মূল্যস্ফীতি এখনও ফেডের ২ শতাংশ লক্ষ্যমাত্রার উপরে এবং তা কমার কোনো লক্ষণ নেই। গত জুলাই মাসে ফেডের পছন্দের মানদণ্ডে মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৭ শতাংশ, যা ২০২৫ সালের এপ্রিলে শুল্ক আরোপের আগে ছিল মাত্র ২ দশমিক ৩ শতাংশ।
ফেডের ত্রৈমাসিক পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে, হার সর্বোচ্চ ৪ দশমিক ১ শতাংশ পর্যন্ত আরও বাড়তে পারে। ১৮ জন নীতিনির্ধারকের মধ্যে ১৬ জন এ বছর অন্তত আরেকটি হার বৃদ্ধির পক্ষে। ওয়ার্শ বলেন, মার্কিন-ইরান যুদ্ধে জ্বালানি তেলের দাম বাড়াও এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছেন। নর্থ ক্যারোলাইনায় তিনি বলেন, এরা রাজনীতিবিদদের একটি দল এবং ট্রাম্পকে সর্বোচ্চ ক্ষতি করতেই সুদের হার বাড়াচ্ছে। উল্লেখ্য, ওয়ার্শ ট্রাম্পেরই মনোনীত ফেড চেয়ার।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক গত সপ্তাহে সুদের হার বাড়িয়েছে এবং জাপান ব্যাংকও ১৮ সেপ্টেম্বর একই পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে। ওয়াল স্ট্রিট বিশ্লেষকরা ডিসেম্বরে আরেকটি হার বৃদ্ধিকে প্রায় নিশ্চিত মনে করছেন।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস