৯৬ বছরে বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদও ছাড়লেন বাফেট

বিশ্বের অন্যতম প্রভাবশালী বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার কোম্পানি জানায়, ৯৬ বছর বয়সী বাফেট তাৎক্ষণিক প্রভাবে চেয়ারম্যান পদ ছেড়েছেন এবং চেয়ারম্যান এমেরিটাস হিসেবে পরিচালনা পর্ষদে থাকবেন।

Sep 18, 2026 - 08:08
৯৬ বছরে বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদও ছাড়লেন বাফেট
উইকিমিডিয়া কমন্স: SelectUSA

বিশ্বের অন্যতম প্রভাবশালী বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার কোম্পানি জানায়, ৯৬ বছর বয়সী বাফেট তাৎক্ষণিক প্রভাবে চেয়ারম্যান পদ ছেড়েছেন এবং চেয়ারম্যান এমেরিটাস হিসেবে পরিচালনা পর্ষদে থাকবেন।

কোম্পানির ঘোষণায় বলা হয়, বাফেটের ছেলে হাওয়ার্ড বাফেট নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। হাওয়ার্ড ১৯৯৩ সাল থেকে বার্কশায়ারের পরিচালনা পর্ষদের সদস্য। এর আগে চলতি বছরই বাফেট প্রধান নির্বাহীর পদ ছেড়ে দীর্ঘদিনের সহকর্মী গ্রেগ অ্যাবেলের হাতে দায়িত্ব দেন।

শেয়ারহোল্ডারদের উদ্দেশে লেখা চিঠিতে বাফেট বলেন, সময় সবসময় জয়ী হয়, তবে সে তার প্রতি উদার ছিল। বার্কশায়ার হ্যাথাওয়ে বর্তমানে প্রায় ১ লাখ ৩ হাজার কোটি ডলারের বিনিয়োগ সংস্থা, যার অধীনে জিকো বিমা, বিএনএসএফ রেলওয়ে ও ডেইরি কুইনসহ অসংখ্য কোম্পানি রয়েছে।

প্রধান নির্বাহী গ্রেগ অ্যাবেল বিবৃতিতে বলেন, বাফেট যে সংস্কৃতি ও মূল্যবোধ গড়ে তুলেছেন তা বার্কশায়ারের কেন্দ্রে থাকবে এবং হাওয়ার্ড তার রক্ষক হবেন। বার্কশায়ার জানায়, চেয়ারম্যান এমেরিটাস হিসেবে বাফেট পর্ষদের সদস্য থাকবেন এবং তার পরামর্শ দেওয়া অব্যাহত রাখবেন।

২০২৫ সালের মে মাসে বাফেট প্রথম পদত্যাগের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। কয়েক দশক ধরে তিনি কর্পোরেট আমেরিকার নেতৃত্বের অনুপ্রেরণা হিসেবে পরিচিত ছিলেন এবং তার বার্ষিক শেয়ারহোল্ডার সভা বৈশ্বিক বিনিয়োগকারীদের মিলনস্থলে পরিণত হয়েছিল।

সূত্র: ইউএসএ টুডে