কয়লা ও গ্যাসবিদ্যুৎকেন্দ্রের দূষণ বিধি বাতিল করল মার্কিন ইপিএ
মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) সোমবার কয়লা ও প্রাকৃতিক গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর দূষণ সীমা নির্ধারণকারী বিধিগুলো বাতিলের ঘোষণা দিয়েছে। সেইসঙ্গে ভবিষ্যতের কোনো প্রশাসন যাতে বিদ্যুৎকেন্দ্রের নির্গমন নিয়ন্ত্রণ করতে না পারে, সে লক্ষ্যেও পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

ইপিএর প্রধান লি জেলডিন বলেন, এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের বিদ্যুৎকেন্দ্রগুলোকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করার অবসান ঘটাবে এবং পরিবহন, তাপ ও উৎপাদনের খরচ কমাবে। ইপিএর হিসাবে, বাইডেন আমলের বেশিরভাগ জলবায়ু বিধি বাতিলে মোট ৩১ হাজার কোটি ডলার সাশ্রয় হবে।
ইপিএ বলেছে, বাইডেন আমলের বিধিগুলো সংস্থার এখতিয়ারের বাইরে গিয়ে তৈরি করা হয়েছিল এবং বাস্তবে পূরণযোগ্য নয় এমন মানদণ্ড আরোপ করে বিদ্যুৎকেন্দ্রগুলোকে বন্ধ হতে বাধ্য করত। বিদ্যুৎ খাত যুক্তরাষ্ট্রের মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় এক-চতুর্থাংশের জন্য দায়ী, যা বার্ষিক প্রায় ১৫০ কোটি টন কার্বন ডাই-অক্সাইডের সমতুল্য।
পরিবেশবাদী সংগঠনগুলো সিদ্ধান্তটিকে তীব্রভাবে সমালোচনা করেছে। সেন্টার ফর ক্লাইমেট অ্যান্ড এনার্জি সলিউশনসের প্রেসিডেন্ট ন্যাথানিয়েল কিওহেন বলেন, ইপিএ বিজ্ঞান ও অর্থনীতি উপেক্ষা করে জনস্বাস্থ্য রক্ষার দায়িত্ব পালন করেনি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাইডেন প্রশাসনের বিধিগুলো বার্ষিক ৪ হাজার ৫০০ অকালমৃত্যু রোধ করতে পারত বলে অনুমান করা হয়েছিল। ২০২২ সালে সুপ্রিম কোর্টের এক রায়ে ইপিএর গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণের ক্ষমতা সীমিত করা হয়েছিল। সোমবারের ঘোষণা ট্রাম্প প্রশাসনের জলবায়ু নীতিগুলো পিছিয়ে দেওয়ার ধারাবাহিক পদক্ষেপের সর্বশেষ উদাহরণ।
সূত্র: বিবিসি নিউজ