গেটস ফাউন্ডেশনের ১০০ কোটি ডলার এআই প্রকল্প, লক্ষ্য দরিদ্র দেশে স্বাস্থ্য ও কৃষি
স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ সম্প্রসারণে ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। আগামী দুই বছরের মধ্যে এই অর্থ ব্যয় করা হবে।
স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ সম্প্রসারণে ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। আগামী দুই বছরের মধ্যে এই অর্থ ব্যয় করা হবে।
মঙ্গলবার ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়। প্রযুক্তি সংবাদমাধ্যম দ্য ভার্জ জানায়, অর্থায়নের মূল লক্ষ্য হলো দরিদ্র দেশগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি সাশ্রয়ীমূল্যে পৌঁছে দেওয়া এবং আরও বেশি ভাষায় এআই ডেটাসেট তৈরি করা।
তহবিলের একটি অংশ দিয়ে এআইয়ের ডিজিটাল ভিত্তি শক্তিশালী করা হবে, যেখানে কম-প্রচলিত ভাষায় তথ্যভাণ্ডার গড়ে তোলা এবং প্রযুক্তি ব্যবহারের খরচ কমানোর উদ্যোগ অন্তর্ভুক্ত। কৃষি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে ক্ষুদ্র কৃষকদের উৎপাদনশীলতা বাড়ানোও এই পরিকল্পনার অংশ।
এই ঘোষণার আগে বিল গেটস কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে প্রায় ছয় হাজার শব্দের একটি প্রবন্ধ প্রকাশ করেন, যেখানে তিনি এআইকে সর্বকালের সেরা সমান সুযোগদানকারী হওয়ার সম্ভাবনা এবং একই সঙ্গে বড় ধরনের অবিচারের উৎস হওয়ার ঝুঁকির কথা উল্লেখ করেছেন। তিনি এআইয়ের সুবিধা বৈষম্যহীনভাবে নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান।
গেটস ফাউন্ডেশন ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নশীল দেশে স্বাস্থ্যসেবা ও কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তার পরীক্ষামূলক প্রকল্প পরিচালনা করছে। নতুন বিনিয়োগ তাদের ২০২৩ সালে শুরু হওয়া এআই উদ্যোগকে আরও বিস্তৃত করবে বলে ফাউন্ডেশন জানিয়েছে।
সূত্র: দ্য ভার্জ