উত্তর টেক্সাসে ডার্ট সেবায় বড় কাটছাঁটের আশঙ্কা, বন্ধ হতে পারে স্টেশন ও রুট

ডালাস এরিয়া র‍্যাপিড ট্রানজিট (ডার্ট) থেকে পাঁচটি সদস্য শহর সরে গেলে উত্তর টেক্সাসজুড়ে গণপরিবহন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসতে পারে। প্লানো, আরভিং, ফার্মার্স ব্রাঞ্চ, হাইল্যান্ড পার্ক ও ইউনিভার্সিটি পার্কে মে মাসে ভোটে ডার্ট ছাড়ার সিদ্ধান্ত হলে স্টেশন বন্ধ, বাস ও রেল রুট বাতিল এবং আঞ্চলিক ট্রানজিট ব্যবস্থার ভাঙন ঘটবে—এমন সতর্কতা দিয়েছে সংস্থাটি।

Jan 13, 2026 - 22:03
উত্তর টেক্সাসে ডার্ট সেবায় বড় কাটছাঁটের আশঙ্কা, বন্ধ হতে পারে স্টেশন ও রুট
ডার্ট থেকে পাঁচটি শহর একসঙ্গে বেরিয়ে গেলে আঞ্চলিক ট্রানজিট ব্যবস্থায় ভাঙনের আশঙ্কা রয়েছে। ছবি: ডালাস মর্নিং নিউজ

ডালাস এরিয়া র‍্যাপিড ট্রানজিট (ডার্ট) থেকে পাঁচটি সদস্য শহর সরে গেলে উত্তর টেক্সাসজুড়ে গণপরিবহন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসতে পারে। প্লানো, আরভিং, ফার্মার্স ব্রাঞ্চ, হাইল্যান্ড পার্ক ইউনিভার্সিটি পার্কে মে মাসে ভোটে ডার্ট ছাড়ার সিদ্ধান্ত হলে স্টেশন বন্ধ, বাস রেল রুট বাতিল এবং আঞ্চলিক ট্রানজিট ব্যবস্থার ভাঙন ঘটবেএমন সতর্কতা দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার ডার্ট নেতৃত্বের বৈঠকের আগে প্রকাশিত এক প্রতিবেদনে সম্ভাব্য প্রভাবের বিস্তারিত তুলে ধরা হয়। ডার্টের যোগাযোগ কর্মকর্তা জিমি মোলিনা বলেন, ‘পরিবর্তনগুলো ব্যাপক সুদূরপ্রসারী হবে। ২০২৬ সালের মে, অর্থাৎ ভোটের ফল চূড়ান্ত হওয়ার পরদিন থেকেই এসব কার্যকর হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, পাঁচটি শহর একসঙ্গে বেরিয়ে গেলে প্রায় ৮০০ বাসস্টপ, ১৩টি গোলিংক (অন-ডিমান্ড) জোন, ট্রিনিটি রেলওয়ে এক্সপ্রেসের দুটি স্টেশন, সদ্য চালু হওয়া সিলভার লাইনের দুটি স্টেশন এবং ১০টি ডার্ট লাইট রেল স্টেশন বন্ধ বা সেবার বাইরে চলে যেতে পারে। ডার্টের মোট সদস্য ১৩টি শহর; এর বাইরে আরও কোনো শহর বেরিয়ে গেলে কাটছাঁট আরও গভীর হতে পারে।

নিয়ম অনুযায়ী, কোনো শহর ডার্ট ছাড়লে ভোটের ফল অনুমোদনের পরদিন থেকেই সেখানে রেল, বাস গোলিংক সেবা বন্ধ করতে হবে। প্রতিবন্ধীদের জন্য এডিএ প্যারাট্রানজিট সেবাও বন্ধ হয়ে যাবে; শহরের ভেতরে, এমনকি শহরে যাওয়া-আসার যাত্রাও আর দেওয়া হবে না।

এই আশঙ্কা নিয়ে উদ্বেগ জানিয়েছেন যাত্রীরা। গারল্যান্ডের বাসিন্দা প্যারাট্রানজিট ব্যবহারকারী ম্যাডিসন ম্যাকনেয়ার বলেন, এতে প্রতিবন্ধী মানুষদের বড় অংশ কার্যত পুরো অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

অন্যদিকে, ডার্ট ছাড়ার পক্ষে থাকা কিছু শহর দাবি করছে, তারা স্থানীয় পর্যায়ে বিকল্প পরিবহন ব্যবস্থা গড়ে তুলবে। প্লানোর সিটি কাউন্সিল সদস্য স্টিভ লাভিন বলেন, ভোটের ফল যাই হোক, প্লানোতে প্লানোর বাসিন্দা কর্মীদের জন্য আলাদা ট্রানজিট ব্যবস্থা রাখার পরিকল্পনা আছে। তবে তিনি জানান, আলোচনার মাধ্যমে ডার্টের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টাও চলছে।

ডার্ট জানিয়েছে, শহরগুলো বেরিয়ে গেলে দীর্ঘমেয়াদে আর্থিক সেবাগত প্রভাব কী হবে, তা মার্চের মধ্যে মূল্যায়ন শেষ করার লক্ষ্য রয়েছে। সম্ভাব্য পরিবর্তন নিয়ে জনমত জানতে ২৪ মার্চ একটি গণশুনানির কথাও ভাবছে সংস্থাটি।

ভোটের আগে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চালু রাখার সুযোগ থাকলেও, শহরগুলো সরে গেলে উত্তর টেক্সাসের আঞ্চলিক গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের ধাক্কা লাগবেএমনটাই বলছে ডার্টের সর্বশেষ মূল্যায়ন।

তথ্যসূত্র: ডালাস মর্নিং নিউজ