নর্থ টেক্সাসে অগ্নিকাণ্ডের পর হাতে তৈরি ৯ বোমাসহ নারী আটক

নর্থ টেক্সাসের কমার্স শহরে টানা অগ্নিকাণ্ডের ঘটনার পর এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাকপ্যাক থেকে ৯টি হাতে তৈরি বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Feb 24, 2026 - 22:44
নর্থ টেক্সাসে অগ্নিকাণ্ডের পর হাতে তৈরি ৯ বোমাসহ নারী আটক
পুলিশের হাতে আটক জামিয়া হাওয়েল। ছবি: ফক্স ফোর

নর্থ টেক্সাসের কমার্স শহরে টানা অগ্নিকাণ্ডের ঘটনার পর এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাকপ্যাক থেকে ৯টি হাতে তৈরি বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

১৯ ফেব্রুয়ারি থেকে তিন দিন ধরে শহরের বিভিন্ন স্থানে একাধিক আগুনের ঘটনায় তদন্ত চালাচ্ছিল পুলিশ। শনিবার রাতে সেন্টেনিয়াল পার্ক এলাকায় টহলরত এক কর্মকর্তা আগুন জ্বলতে দেখেন এবং ঘটনাস্থল থেকে এক নারীকে সরে যেতে লক্ষ্য করেন।

পরে ওই নারীকে আটক করে তার ব্যাকপ্যাক তল্লাশি করে ৯টি হোমমেড বোমা পাওয়া যায়। এছাড়া একটি লাইটার ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটক নারীকে জামিয়া হাওয়েল হিসেবে শনাক্ত করা হয়েছে। তাকে কমার্স পুলিশ বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ ও নিষিদ্ধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। তদন্ত চলমান থাকায় আরও অভিযোগ যুক্ত হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত নারী শহরের বিভিন্ন স্থানে ‘মলোটভ বোমা’ তৈরি ও পরীক্ষা করার কথা স্বীকার করেছেন।সাধারণত ‘মলোটভ ককটেল’ নামে পরিচিত এ ধরনের বোমা কাচের বোতলে দাহ্য পদার্থ ভরে কাপড়ের সলতে লাগিয়ে তৈরি করা হয়। সলতে জ্বালিয়ে বোতল নিক্ষেপ করলে তা ভেঙে গিয়ে দাহ্য পদার্থে আগুন ধরে যায়।

তথ্যসূত্র: ফক্স ফোর