জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে একসঙ্গে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে একসঙ্গে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। এতে বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং মুসলিম বিশ্বের কূটনীতিকরাও অংশ নেন।
প্রধান জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়। প্রায় সাড়ে ৩ হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। নারীদের জন্য পৃথক প্রবেশপথ, ওজু ও নামাজের নির্ধারিত স্থান এবং মেডিকেল টিমসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়।
নিরাপত্তা জোরদারে মুসল্লিদের তিন স্তরের তল্লাশির মধ্য দিয়ে ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হয়। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগ থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা করেন তারা।
মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ঈদগাহে জড়ো হন। জামাত শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাঠ।
তথ্যসূত্র: বাসস