ডালাসে ৯৫ ডিগ্রি তাপের সতর্কতা, মার্চেই রেকর্ড ভাঙার আশঙ্কা
শীতকে বিদায় জানিয়ে গ্রীষ্মের মতো আবহাওয়ায় ঢুকে পড়ছে নর্থ টেক্সাস। দ্রুত বদলে যাওয়া এই পরিস্থিতিতে সপ্তাহজুড়ে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়বে, যা মার্চ মাসের রেকর্ডও ভেঙে দিতে পারে।
শীতকে বিদায় জানিয়ে গ্রীষ্মের মতো আবহাওয়ায় ঢুকে পড়ছে নর্থ টেক্সাস। দ্রুত বদলে যাওয়া এই পরিস্থিতিতে সপ্তাহজুড়ে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়বে, যা মার্চ মাসের রেকর্ডও ভেঙে দিতে পারে।
বুধবার দক্ষিণ-পশ্চিম দিকের বাতাসে তাপমাত্রা ৭০-এর মাঝামাঝি থেকে শেষভাগে উঠলেও সপ্তাহান্তে তা লাফিয়ে পৌঁছাতে পারে ৯০-এর ঘরে। বিশেষ করে ডালাস-ফোর্ট ওয়ার্থ অঞ্চলে শনিবার ও রোববার তাপমাত্রা প্রায় ৯৫ ডিগ্রি ফারেনহাইট ছুঁতে পারে, যা স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রিরও বেশি।
আবহাওয়াবিদদের মতে, পশ্চিমে অবস্থান করা উচ্চচাপ বলয় এই গরম ও শুষ্ক আবহাওয়া ধরে রাখবে। সকালে তাপমাত্রা ৬০-এর ঘরে থাকলেও দুপুরের পর দ্রুতই তা ৯০-এর মাঝামাঝি পৌঁছে যাবে।
তবে গরমের পাশাপাশি বাড়ছে ঝুঁকিও। শুষ্ক আবহাওয়া ও কম আর্দ্রতার কারণে সপ্তাহজুড়ে অগ্নিকাণ্ডের ঝুঁকি উঁচুতে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খোলা জায়গায় আগুন লাগতে পারে—এমন যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
এদিকে, অ্যালার্জি আক্রান্তদের জন্যও কঠিন সময় অপেক্ষা করছে। আকুওয়েদার জানিয়েছে, গাছের পরাগের মাত্রা ‘চরম’ পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে ওক, এলম ও অ্যাশ গাছের পরাগ বেশি থাকায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। পাশাপাশি দমকা হাওয়ার কারণে ধুলা ও ড্যান্ডারের মাত্রাও খুব বেশি।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, এ সময় জানালা বন্ধ রাখা এবং বাইরে থেকে ফিরে পোশাক পরিবর্তন করলে অ্যালার্জির ঝুঁকি কিছুটা কমানো সম্ভব।
স্বস্তি মিলতে পারে আগামী সপ্তাহের শুরুতে। সোমবার একটি দুর্বল ফ্রন্ট দক্ষিণে সরে গেলে তাপমাত্রা নেমে ৮০-এর ঘরে আসবে, যদিও তা এখনো স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে।
তথ্যসূত্র: ফক্স ফোর