ইরানের তেল বিক্রিতে ৩০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের
ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশটির তেল বিক্রিতে ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, এ সিদ্ধান্তে বিশ্ববাজারে প্রায় ১৪০ মিলিয়ন ব্যারেল তেল যোগ হতে পারে।

ট্রেজারি বিভাগের লাইসেন্স অনুযায়ী, আগে থেকেই জাহাজে তোলা ইরানি তেল বিক্রি বা সরবরাহ করা যাবে, এমনকি প্রয়োজনে যুক্তরাষ্ট্রেও আমদানির সুযোগ রাখা হয়েছে। তবে নতুন কোনো ক্রয়াদেশ এই ছাড়ের আওতায় পড়বে না। অনুমতিটি কার্যকর থাকবে ১৯ এপ্রিল পর্যন্ত।
কিউবা, উত্তর কোরিয়া ও ক্রিমিয়া অঞ্চল এই সুবিধার বাইরে রাখা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্তে বিশেষ করে চীনের মতো বড় ক্রেতাদের মাধ্যমে এশিয়ার বাজারে দ্রুত তেল সরবরাহ বাড়তে পারে। স্কট বেসেন্টের ভাষ্য, এতে অন্তত ১০ থেকে ১৪ দিনের জন্য তেলের দাম কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
তবে একইসঙ্গে ইরান যাতে আর্থিকভাবে বড় সুবিধা না পায়, সে জন্য আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় দেশটির প্রবেশাধিকার সীমিত রাখার কথাও জানিয়েছে ওয়াশিংটন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। এই প্রেক্ষাপটে গত দুই সপ্তাহে তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র।
তথ্যসূত্র: রয়টার্স