আশুলিয়ায় মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিস্ফোরণে ৭ নিহত
আশুলিয়ার একটি পোশাক কারখানায় মেয়াদোত্তীর্ণ সিএনজি সিলিন্ডারবোঝাই ট্রাকে বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন।
আশুলিয়ার একটি পোশাক কারখানায় মেয়াদোত্তীর্ণ সিএনজি সিলিন্ডারবোঝাই ট্রাকে বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন।
গত ২০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় সাভারের জামগোড়ায় প্রিটি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই বিস্ফোরণ ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর জানিয়েছে। কারখানাটির তিতাস গ্যাসের সংযোগ থাকলেও পাইপলাইনের চাপ কম থাকায় সিলিন্ডারবোঝাই ট্রাক থেকে গ্যাস সরবরাহ করা হতো।
জিরাবো আধুনিক ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, ব্যবহৃত সিলিন্ডারগুলো মেয়াদোত্তীর্ণ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। পাঁচটি পোড়া মরদেহ ট্রাকের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। জায়নাব বেগম (৫৫) উড়ে আসা সিলিন্ডারের আঘাতে এবং বুলবুল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, এভাবে ট্রাকে করে কারখানায় সিএনজি আনা সম্পূর্ণ অবৈধ। পরিচয় শনাক্তে কয়েকটি মরদেহে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার প্রিটি গ্রুপ পাঁচটি কারখানা বন্ধ করে দেয়। ফায়ার সার্ভিস চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এবং শ্রমিক সংগঠনগুলো নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর