রাঙামাটির সীমান্তে সন্দেহজনক ড্রোন, গুলি চালিয়ে সরিয়ে দিল বিজিবি
রাঙামাটির বাঘাইছড়িতে ভারত সীমান্তসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে রাতে ২–৩টি সন্দেহজনক ড্রোন উড়তে দেখে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লাল ও সাদা আলোযুক্ত ড্রোনগুলো গুলির পর সরে যায়। এগুলো কোথা থেকে পরিচালিত হচ্ছিল বা উদ্দেশ্য কী ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভারত সীমান্তসংলগ্ন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শুক্রবার রাতে বাংলাদেশের অভ্যন্তরে দুই থেকে তিনটি সন্দেহজনক ড্রোন উড়তে দেখে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে বিজিবি।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বাঘাইছড়ি-মিজোরাম সীমান্তবর্তী বাংলাদেশের আকাশে লাল ও সাদা আলোযুক্ত ড্রোনগুলো উড়তে দেখা যায়। দায়িত্বরত বিজিবি সদস্যরা গুলি চালালে ড্রোনগুলো সরে যায়।
২৭ বিজিবির মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ ইউএনবিকে জানান, শুক্রবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে ভারতের মিজোরাম রাজ্যসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে দুই থেকে তিনটি ড্রোন উড়তে দেখেন বিজিবি সদস্যরা।
তিনি বলেন, বিজিবি সদস্যরা গুলি চালানোর সঙ্গে সঙ্গে ড্রোনগুলো সরে যায়।
ভারতীয় সীমান্তের ওপার থেকে ড্রোনগুলো পরিচালিত হয়ে থাকতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে বিজিবির এই কর্মকর্তা বলেন, ড্রোনগুলো বাংলাদেশের ভূখণ্ডের বেশ গভীরে দেখা যাওয়ায় সীমান্তের ওপার থেকে পরিচালিত হওয়ার সম্ভাবনা খুবই কম।
স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলো ড্রোন পরিচালনা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ড্রোনগুলোর প্রকৃত উৎস ও উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।
তিনি বলেন, রাতে ড্রোন ওড়ানোর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি জানার চেষ্টা চলছে।
বিজিবির ওই কর্মকর্তা আরও জানান, জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সশস্ত্র গোষ্ঠীগুলো ওই এলাকায় সক্রিয় রয়েছে। এসব গোষ্ঠী কখনো কখনো প্রতিপক্ষের গতিবিধি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অন্ধকার আকাশের দিকে বিজিবি সদস্যদের রাইফেল দিয়ে গুলি চালাতে দেখা যায়। গুলির সময় আকাশে আলোর ঝলকও দেখা যায়।
তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে, কারা পরিচালনা করেছে কিংবা গুলিতে কোনো ড্রোন আঘাতপ্রাপ্ত হয়েছে কি না—তা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে গত কয়েকদিন ধরে বাঘাইছড়ির দুর্গম সাজেক এলাকা এবং মিজোরাম সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৭ বিজিবির মারিশ্যা জোন প্রায় ১৫১ কিলোমিটার সীমান্ত এলাকায় দিন-রাত টহল পরিচালনা করছে।
সূত্র: The Business Standard