জানুয়ারিতে ব্যাংক আমানত প্রবৃদ্ধি ১০.৪৫%, রেমিট্যান্সে ভর করে বাড়তি সঞ্চয়
চলতি বছরের জানুয়ারিতে দেশের ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৫ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক প্রকাশিত তথ্যে দেখা গেছে, এক বছর আগে একই সময়ের তুলনায় এ হারে আমানত বেড়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি শেষে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৭ হাজার কোটি টাকার বেশি, যা ২০২৫ সালের জানুয়ারিতে ছিল ১৭ লাখ ৮১ হাজার কোটি টাকার বেশি।
তবে আগের মাস ডিসেম্বরের তুলনায় প্রবৃদ্ধি কিছুটা কমেছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে আমানতের প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ১০ শতাংশ।
ব্যাংকাররা বলছেন, প্রবৃদ্ধি সামান্য কমলেও তা এখনও দুই অঙ্কে থাকায় এটি ইতিবাচক সংকেত। গত বছর দীর্ঘ সময় আমানতের প্রবৃদ্ধি এক অঙ্কে থাকায় বর্তমান অবস্থাকে তুলনামূলকভাবে স্থিতিশীল ধরা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে প্রবাসীরা ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আমানত বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এদিকে একই সময়ে ব্যাংকের বাইরে থাকা অর্থও বেড়েছে। জানুয়ারি শেষে ‘কারেন্সি আউটসাইড ব্যাংক’ দাঁড়িয়েছে ২ লাখ ৮২ হাজার ৬২৬ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮ হাজার ৩৯৬ কোটি টাকা বেশি।
ডালাস বার্তা ডেস্ক