আই হ্যাভ আ প্ল্যান: দেশে ফিরে তারেক রহমান

১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে নিজের একটি পরিকল্পনার কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিকল্পনার বিস্তারিত না জানালেও তা বাস্তবায়নে দেশের সব মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।

Dec 25, 2025 - 11:32
আই হ্যাভ আ প্ল্যান: দেশে ফিরে তারেক রহমান
সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে লাখো সমর্থকের সামনে তারেক রহমান। ছবি: সংগৃহীত

১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে নিজের একটি পরিকল্পনার কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিকল্পনার বিস্তারিত না জানালেও তা বাস্তবায়নে দেশের সব মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ঢাকার পূর্বাচলের তিনশ ফুট এলাকায় আয়োজিত সংবর্ধনায় লাখো সমর্থকের সামনে দাঁড়িয়ে তারেক রহমান বলেন, আমরা দেশের শান্তি চাই। মার্টিন লুথার কিংনাম তো শুনেছেন না আপনারা? তাঁর একটি বিখ্যাত ডায়ালগ আছে, আই হ্যাভ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ প্ল্যান, পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। আর এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে।

সেই পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতাও চাইলেন তারেক রহমান, ‘দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাইবোনেরা এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশা আল্লাহ আমরাআই হ্যাভ প্ল্যানবাস্তবায়ন করতে সক্ষম হব।

২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করা তারেক রহমান দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে বিশেষ বাসে সমর্থকদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রায় সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে পূর্বাচলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সড়কের সংবর্ধনা মঞ্চে পৌঁছান তিনি।

দেশের মানুষের নিরাপদ বসবাসের কথা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা যে ধর্মের মানুষ হই, আমরা যে শ্রেণির মানুষ হই, আমরা যে রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই, আমাদেরকে নিশ্চিত করতে হবেযেকোনো মূল্যে আমাদের এই দেশের শান্তিশৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যেকোনো মূল্যে যেকোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যেকোনো মূল্যে আমাদের নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোকযেকোনো বয়স, যেকোনো শ্রেণি, যেকোনো পেশা, যেকোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া।

তিনি আরও যোগ করেন,  আসুন, আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশা আল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব।

সংবর্ধনা মঞ্চে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি যুগপৎ আন্দোলনের বিভিন্ন দলের নেতারাও উপস্থিত ছিলেন।

ডালাস বার্তা প্রতিবেদক, ঢাকা