জানুয়ারিতে আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে করা মামলার মূল শুনানি আগামী জানুয়ারিতে শুরু হচ্ছে। জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানিয়েছে, শুনানি চলবে ১২ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত।
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে করা মামলার মূল শুনানি আগামী জানুয়ারিতে শুরু হচ্ছে। জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানিয়েছে, শুনানি চলবে ১২ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত।
আইসিজের তথ্যমতে, প্রথম সপ্তাহে (১২–১৫ জানুয়ারি) বাদী দেশ গাম্বিয়া তাদের অভিযোগ উপস্থাপন করবে। এরপর ১৬–২০ জানুয়ারি মিয়ানমার তাদের অবস্থান তুলে ধরবে। তিন দিন সাক্ষ্য গ্রহণের সময় নির্ধারিত থাকলেও এসব শুনানি জনসাধারণ ও গণমাধ্যমের জন্য বন্ধ থাকবে।
২০১৯ সালে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়া এ মামলা দায়ের করে। মামলায় ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হওয়ার অভিযোগ আনা হয়। ওই অভিযানে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।
মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ওই অভিযান ছিল রোহিঙ্গা বিদ্রোহীদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে তারা পক্ষপাতদুষ্ট বলেও আখ্যা দিয়েছে।
১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা সনদের আওতায় মামলাটি দায়ের হওয়ায় আইসিজের বিচারিক এখতিয়ার রয়েছে। এ শুনানি আন্তর্জাতিক আইনে গুরুত্বপূর্ণ নজির হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। গাম্বিয়ার পাশাপাশি কানাডা, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য মামলায় হস্তক্ষেপকারী দেশ হিসেবে যুক্ত রয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স