এপস্টেইন মামলা সম্পর্কিত আরও ১০ লাখ নথির সন্ধান
প্রয়াত শিশু যৌন অপরাধী জেফরি এপস্টেইন–সংক্রান্ত আরও ১০ লাখের বেশি নথিপত্রের সন্ধান পেয়েছে মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) জানিয়েছে, এসব নথি আগামী কয়েক দিন ও সপ্তাহের মধ্যে ধাপে ধাপে প্রকাশ করা হবে।
প্রয়াত শিশু যৌন অপরাধী জেফরি এপস্টেইন–সংক্রান্ত আরও ১০ লাখের বেশি নথিপত্রের সন্ধান পেয়েছে মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) জানিয়েছে, এসব নথি আগামী কয়েক দিন ও সপ্তাহের মধ্যে ধাপে ধাপে প্রকাশ করা হবে।
নিউইয়র্কের ফেডারেল প্রসিকিউটর ও এফবিআই নতুন এই নথিগুলোর কথা ডিওজেকে অবহিত করেছে। বুধবার এক বিবৃতিতে বিচার বিভাগ জানায়, ভুক্তভোগীদের পরিচয় ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য গোপন রেখে দ্রুত নথি প্রকাশে আইনজীবীরা কাজ করছেন। সব নথি প্রকাশে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলেও জানানো হয়।
‘এপস্টেইন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্ট’ অনুযায়ী গত ১৯ ডিসেম্বরের মধ্যে সব নথি প্রকাশের কথা থাকলেও সময়সীমা পূরণ না হওয়ায় বিচার বিভাগ রাজনৈতিক চাপ ও সমালোচনার মুখে পড়েছে। আইন অনুযায়ী কেবল ভুক্তভোগীদের পরিচয় ও চলমান তদন্ত সুরক্ষার ক্ষেত্রেই তথ্য গোপন রাখার অনুমতি রয়েছে।
বিচার বিভাগ জানিয়েছে, তারা ফেডারেল আইন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা মেনে নথি প্রকাশ অব্যাহত রাখবে। তবে এফবিআই ও নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের কৌঁসুলিরা কীভাবে এই অতিরিক্ত নথির সন্ধান পেয়েছেন, তা জানানো হয়নি।
এপস্টেইনের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কদের যৌন পাচারের অভিযোগে বিচার শুরুর অপেক্ষায় থাকাকালে ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে তার মৃত্যু হয়। এর আগে ও পরে প্রকাশিত নথিতে ভিডিও, ছবি, ই–মেইল ও তদন্তসংশ্লিষ্ট দলিল রয়েছে, যেগুলোর অনেক অংশে ব্যাপক রিড্যাকশন করা হয়েছে।
নতুন নথি উদ্ধারের ঘোষণার পর কংগ্রেসের তদন্তকারী প্যানেল হাউস ওভারসাইট কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রবার্ট গার্সিয়া অভিযোগ করেন, হোয়াইট হাউস অবৈধভাবে নথি আটকে রাখছে। তিনি বলেন, ‘প্রতিদিনই আমরা সময়সীমা লঙ্ঘন ও অপ্রয়োজনীয় রিড্যাকশন দেখছি।’
এপস্টেইন–সংক্রান্ত নথি প্রকাশ ঘিরে স্বচ্ছতা ও জবাবদিহির দাবি আরও জোরালো হচ্ছে বলে মনে করছেন মার্কিন আইনপ্রণেতারা।
তথ্যসূত্র: বিবিসি