ইরানের সঙ্গে বাণিজ্য করলেই ২৫% শুল্ক: ট্রাম্প
ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে—এমন দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ হবে।
ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে—এমন দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ হবে।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কোনো দেশ ব্যবসা করলে যুক্তরাষ্ট্রে তাদের সব ধরনের রপ্তানিতে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। তিনি দাবি করেন, এই আদেশ ‘চূড়ান্ত ও অপরিবর্তনীয়’। তবে ‘বাণিজ্যিক সম্পর্ক’ বলতে কী বোঝানো হচ্ছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
চীন ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। এরপর রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। নতুন শুল্কে কোন কোন দেশের আমদানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে—সে বিষয়ে হোয়াইট হাউস অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেনি।
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ তৃতীয় সপ্তাহে গড়ানোর মধ্যেই এই ঘোষণা এলো। এর আগে তেহরানে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বিমান হামলাসহ বিভিন্ন সামরিক বিকল্প এখনো বিবেচনায় রয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, বিক্ষোভে প্রায় ৫০০ বিক্ষোভকারী ও ৪৮ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন বলে তারা যাচাই করেছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে বিভিন্ন সূত্রের দাবি। হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা যাচ্ছে।
ডিসেম্বরের শেষ দিকে মুদ্রার দ্রুত পতনের পর ইরানে বিক্ষোভ শুরু হয়। গত এক বছরে রিয়ালের মূল্য ইতিহাসের সর্বনিম্নে নেমেছে, মূল্যস্ফীতি ছাড়িয়েছে ৪০ শতাংশ। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ব্যাপকভাবে বেড়েছে।
তথ্যসূত্র: বিবিসি