ভেনেজুয়েলায় মার্কিন হামলা, মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক
ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জনালেও হামলার ধরন ও লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জনালেও হামলার ধরন ও লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র রাজধানী কারাকাসসহ মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যের বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। কারাকাস এই ঘটনাকে সরাসরি ‘সামরিক আগ্রাসন’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। সরকার বলেছে, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে, তবে সেই চেষ্টা সফল হবে না। উদ্ভূত পরিস্থিতিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, হামলার সময় রাজধানী কারাকাসে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায় এসব বিস্ফোরণের কিছুক্ষণ আগেই মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ‘চলমান সামরিক তৎপরতা’র কথা উল্লেখ করে ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহার থেকে মার্কিন বাণিজ্যিক বিমানগুলোকে বিরত থাকার নির্দেশ দেয়। এফএএর ওই নির্দেশনার পর কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও চাঞ্চল্যকর দাবি করেছেন। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ‘বৃহৎ আকারের হামলা’ চালিয়েছে এবং সেই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী, তাঁদের ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তবে হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ বা বিস্তারিত তথ্য জানানো হয়নি।
দীর্ঘদিন ধরেই ট্রাম্প প্রশাসন মাদুরো সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অবৈধ অভিবাসনে উসকানি দেওয়ার অভিযোগ করে আসছে। ট্রাম্পের ভাষ্য, যেকোনো মার্কিন অভিযানের লক্ষ্য হবে মাদক চোরাচালান দমন। অন্যদিকে মাদুরোর অভিযোগ, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে উপনিবেশে পরিণত করতে চাইছে এবং দেশটির বিপুল জীবাশ্ম জ্বালানি সম্পদের দিকেই ওয়াশিংটনের মূল নজর।
উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে মাদুরোর বিজয়কে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়নি। সাম্প্রতিক এই ঘটনাকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
তথ্যসূত্র: বিবিসি, আল জাজিরা