ব্রাউন–এমআইটি গুলির ঘটনার জেরে গ্রিন কার্ড লটারি স্থগিত করলেন ট্রাম্প
ব্রাউন ইউনিভার্সিটি ও এমআইটিতে গুলির ঘটনার পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারি (ডাইভার্সিটি ভিসা) কর্মসূচি স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নির্দেশে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসকে (ইউএসসিআইএস) কর্মসূচিটি তাৎক্ষণিকভাবে বন্ধ রাখতে বলা হয়েছে বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম।

এক্সে দেওয়া এক পোস্টে নোয়েম জানান, ব্রাউন ইউনিভার্সিটির সন্দেহভাজন বন্দুকধারী ক্লদিও ম্যানুয়েল নেভেস ভ্যালেন্তে ২০১৭ সালে ডাইভার্সিটি ভিসা লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে গ্রিন কার্ড পেয়েছিলেন। তিনি লিখেছেন, ‘এই ভয়াবহ ব্যক্তির কখনোই আমাদের দেশে প্রবেশের সুযোগ পাওয়া উচিত ছিল না।’
কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, ৪৮ বছর বয়সী পর্তুগিজ নাগরিক নেভেস ভ্যালেন্তে ব্রাউন ইউনিভার্সিটিতে দুই শিক্ষার্থী নিহত ও আরও নয়জন আহত হওয়ার ঘটনায় এবং এমআইটির এক অধ্যাপক হত্যার ঘটনায় সন্দেহভাজন। বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মঘাতী গুলিতে মারা যান তিনি। তাঁর কাছে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
নেভেস ভ্যালেন্তে ২০০০ সালে শিক্ষার্থী ভিসায় ব্রাউনে পড়তে আসেন এবং পরে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হন। ২০১৭ সালে ডাইভার্সিটি ভিসা পেয়ে বৈধ স্থায়ী বাসিন্দার মর্যাদা লাভ করেন। ঘটনার পেছনে তাঁর উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।
ডাইভার্সিটি ভিসা কর্মসূচির আওতায় প্রতিবছর কম প্রতিনিধিত্বশীল দেশগুলোর নাগরিকদের মধ্যে লটারির মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার গ্রিন কার্ড দেওয়া হয়। কংগ্রেস প্রণীত এই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প দীর্ঘদিন ধরেই এ কর্মসূচির বিরোধিতা করে আসছিলেন।
তথ্যসূত্র: ফক্স ফোর