টেক্সাসের নতুন কংগ্রেশনাল মানচিত্র ব্যবহারে সুপ্রিম কোর্টের অনুমতি
সুপ্রিম কোর্ট আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসকে নতুন কংগ্রেশনাল মানচিত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে—যা রিপাবলিকানদের জন্য অতিরিক্ত পাঁচটি আসন নিশ্চিত করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
সুপ্রিম কোর্ট আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসকে নতুন কংগ্রেশনাল মানচিত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে—যা রিপাবলিকানদের জন্য অতিরিক্ত পাঁচটি আসন নিশ্চিত করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দেওয়া আদেশে কোর্ট গভর্নর গ্রেগ অ্যাবটের জরুরি আবেদনে সায় দেয় এবং নিম্ন আদালতের রায় স্থগিত করে। সেই রায়ে বলা হয়েছিল, ট্রাম্প প্রশাসনের নির্দেশনায় রিপাবলিকান আইনপ্রণেতারা মানচিত্র আঁকার সময় বর্ণগত বিবেচনাকে সরাসরি ব্যবহার করেছেন—যা অসাংবিধানিক।
৬-৩ বিভক্ত আদেশে সুপ্রিম কোর্ট বলেছে, আইনসভা ‘সৎ উদ্দেশ্য’ নিয়ে কাজ করেছে—এমন ধারণা নিম্ন আদালত যথাযথভাবে বিবেচনা করেনি। এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় জয়; তিনি নিজেও টেক্সাসের পক্ষে আদালতে মতামত জমা দিয়েছিলেন।
টেক্সাস আইনি দলের যুক্তি ছিল, নির্বাচন শুরুর এত কাছে এসে মানচিত্র পরিবর্তন করা সম্ভব নয়। তাদের দাবি, এটি কেবল দলীয় সুবিধার জন্য করা রিডিস্ট্রিক্টিং—কোনো বর্ণগত উদ্দেশ্য নয়।
অন্যদিকে মামলার বাদী লুলাক, টেক্সাস এনএএসিপি ও দুই ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যসহ ছয় পক্ষ বলছে, নতুন মানচিত্রের মূল উদ্দেশ্যই ছিল ‘কোয়ালিশন ডিস্ট্রিক্ট’ ভেঙে ফেলা—যেখানে বিভিন্ন বর্ণের ভোটাররা মিলিতভাবে সংখ্যাগরিষ্ঠ। তাদের অভিযোগ, এটি স্পষ্ট বর্ণগত জেরিম্যান্ডারিং।
২০১৯ সালের এক রায়ের পর দলীয় স্বার্থে রিডিস্ট্রিক্টিং অনুমোদিত হলেও বর্ণের প্রশ্নে সাংবিধানিক ও ভোটাধিকার আইনের বিধিনিষেধ এখনো প্রযোজ্য। নতুন মানচিত্রে টেক্সাসের সিদ্ধান্ত সেই সীমা অতিক্রম করেছে কি না—এখন তা নিয়েই লড়াই।
তথ্যসূত্র: এনবিসি ৫