এফবিআই আন্ডারকভারকে আইএস সদস্য ভেবে ধরা নর্থ টেক্সাসের যুবক
যুক্তরাষ্ট্রের নর্থ টেক্সাসে আইএসআইএসকে সহায়তা দেওয়ার চেষ্টার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে ফেডারেল মামলা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মিডলোথিয়ানের বাসিন্দা জন মাইকেল গারজা জুনিয়র এমন এক ব্যক্তির কাছে বোমা তৈরির উপকরণ নিয়ে গিয়েছিলেন, যাকে তিনি আইএসআইএসের সদস্য বলে মনে করেছিলেন। বাস্তবে ওই ব্যক্তি ছিলেন এফবিআইয়ের আন্ডারকভার এজেন্ট।

নর্থার্ন ডিস্ট্রিক্ট অব টেক্সাসের ইউএস অ্যাটর্নি রায়ান রেবোল্ড জানান, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অভিযোগে গারজার বিরুদ্ধে ফেডারেল অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২২ ডিসেম্বর তিনি একটি বৈঠকে বোমা তৈরির বিভিন্ন উপকরণ নিয়ে যান এবং কীভাবে সেগুলো মিশিয়ে বিস্ফোরক বানানো যায়, তা ব্যাখ্যা করেন। এমনকি বোমা তৈরির নির্দেশনামূলক ভিডিও পাঠানোর প্রস্তাবও দেন। বৈঠক শেষে তাকে গ্রেপ্তার করা হয়।
ফেডারেল কর্মকর্তারা জানান, ঘটনাটির সূত্রপাত অক্টোবর মাসে। নিউইয়র্ক সিটি পুলিশের এক আন্ডারকভার কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে আইএসআইএসপন্থী কয়েকটি অ্যাকাউন্ট অনুসরণ করতে দেখা একটি প্রোফাইল শনাক্ত করেন, যা পরে গারজার বলে নিশ্চিত হয়। অনলাইনে কথোপকথনের সময় গারজা নিজেকে টেক্সাসে বসবাসরত ২১ বছর বয়সী মেক্সিকান-আমেরিকান বলে পরিচয় দেন এবং আইএসআইএসের মতাদর্শে বিশ্বাসের কথা জানান।
অভিযোগে বলা হয়, গারজা আইএসআইএসের বিভিন্ন প্রচারমূলক ভিডিও ও বার্তা পাঠান এবং নভেম্বর ও ডিসেম্বর মাসে অল্প অঙ্কের ক্রিপ্টোকারেন্সি পাঠান, যা তিনি সংগঠনটির জন্য অস্ত্র ও অন্যান্য উপকরণ কেনায় ব্যবহৃত হবে বলে বিশ্বাস করতেন।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি বলেন, ‘এই মামলা আমাদের ফেডারেল এজেন্টদের নিরলস পরিশ্রমের প্রমাণ। আইএসআইএসের সহিংস মতাদর্শ সম্পূর্ণভাবে নির্মূল করা হবে।’ এফবিআই পরিচালক কাশ প্যাটেলও সতর্ক করে বলেন, সন্ত্রাসী সংগঠনের পক্ষে যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। গারজার প্রথম আদালতে হাজিরা হয় ২৩ ডিসেম্বর।
গারজার বিরুদ্ধে তদন্তে এফবিআইয়ের ডালাস ও নিউইয়র্ক ফিল্ড অফিস, নিউইয়র্ক সিটি পুলিশসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা করেছে।
তথ্যসূত্র: সিবিএস নিউজ