চার মাস পর জুলাই সনদে সই করল এনসিপি
চার মাস পর শর্তসাপেক্ষে জুলাই জাতীয় সনদে সই করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর উপস্থিতিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন সনদে স্বাক্ষর করেন।
চার মাস পর শর্তসাপেক্ষে জুলাই জাতীয় সনদে সই করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর উপস্থিতিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন সনদে স্বাক্ষর করেন।
সনদ সইয়ের পর আখতার হোসেন জানান, অন্তর্বর্তী সরকারের আহ্বানে তারা শর্তসাপেক্ষে স্বাক্ষর করেছেন। তাঁর ভাষ্য, ‘নোট অব ডিসেন্ট ব্যতিরেকে গণভোটের গণরায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।’ এনসিপির দাবি, মঙ্গলবার অনুষ্ঠেয় শপথে কোনো ব্যত্যয় চলবে না—প্রথমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে এবং পরে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিতরা শপথ নেবেন।
নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের শেষ দিনে সংস্কারের ঐকমত্যের দলিলে স্বাক্ষর সম্পন্ন করা হয়েছে। গত ১৭ অক্টোবর সনদ স্বাক্ষরের সময় এনসিপি অংশ নেয়নি; তখন তাদের দাবি ছিল, আইনি ভিত্তি নিশ্চিত না হলে সই অর্থহীন। পরে সনদকে আদেশে রূপ দেওয়া হয়, যার ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।
গণভোটে ‘হ্যাঁ’ ভোটে রায় আসায় নোট অব ডিসেন্ট ছাড়াই সনদ বাস্তবায়নের আহ্বান জানান নাহিদ। তাঁর দাবি, জনগণ সংস্কারের পক্ষে ম্যান্ডেট দিয়েছে এবং সংসদে গিয়ে সেই ম্যান্ডেট বাস্তবায়নই হবে এনসিপির লক্ষ্য।
স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এনসিপিকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সনদে তাদের স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল।
ডালাস বার্তা প্রতিবেদক