ডালাসের বিরুদ্ধে মামলা করলেন কেন প্যাক্সটন
ডালাস শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন। অভিযোগ, ভোটারদের অনুমোদিত জননিরাপত্তা উদ্যোগ প্রপোজিশন ইউ–এর শর্ত অনুযায়ী পুলিশ বিভাগে অর্থায়ন করতে ব্যর্থ হয়েছে শহরটি।

শুক্রবার ঘোষিত এই মামলায় ডালাস সিটি ম্যানেজার কিম্বার্লি বিজর টলবার্ট এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জ্যাক আয়ারল্যান্ড জুনিয়রকে আসামি করা হয়েছে।
প্যাক্সটনের দাবি, ২০২৪ সালে অনুমোদিত প্রপোজিশন ইউ অনুযায়ী শহরের নতুন বার্ষিক আয়ের ৫০ শতাংশ পুলিশ ও ফায়ার পেনশনে বরাদ্দ দিতে হবে। পাশাপাশি ন্যূনতম ৪ হাজার পুলিশ কর্মকর্তা রাখতে হবে—যা ২০২৪ সালের তুলনায় প্রায় ৯০০ জন বেশি।
তার অভিযোগ, ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত রাজস্ব ২২ কোটি ডলার হওয়ার কথা থাকলেও শহর কর্তৃপক্ষ মাত্র ৬ কোটি ১০ লাখ ডলার উদ্বৃত্ত দেখিয়েছে। এছাড়া পুলিশ বেতন সংক্রান্ত বার্ষিক জরিপ পরিচালনায় স্বাধীন তৃতীয় পক্ষ নিয়োগ না করার অভিযোগও আনা হয়েছে।
মামলায় অতিরিক্ত রাজস্ব যথাযথভাবে পুলিশ পেনশন, বেতন এবং জনবল বৃদ্ধিতে বরাদ্দের নির্দেশনা চাওয়া হয়েছে।
এদিকে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ডালাস সিটি কাউন্সিল ডিসেম্বর মাসে পুলিশ পেনশনের জন্য ৩০ বছর মেয়াদি ১১ বিলিয়ন ডলারের তহবিল পরিকল্পনা অনুমোদন করেছে।
তথ্যসূত্র: ফক্স নিউজ