মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি উধাও
যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট থেকে জেফরি এপস্টেইন–সংক্রান্ত অন্তত ১৬টি নথি হঠাৎ সরিয়ে ফেলা হয়েছে, যেগুলোর কিছুতে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ছিল। দেশটির পার্লামেন্টের নির্দেশে প্রকাশিত এসব নথি শুক্রবার পর্যন্ত দেখা গেলেও শনিবার থেকে আর পাওয়া যাচ্ছে না।

খবরে বলা হয়, মার্কিন বিচার বিভাগের নির্ধারিত পাবলিক ওয়েব পেজে আপলোডের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে কোনো ব্যাখ্যা বা নোটিশ ছাড়াই নথিগুলো সরানো হয়। নিখোঁজ ফাইলগুলোর মধ্যে ছিল কিছু আঁকা নগ্ন ছবি এবং একটি ড্রয়ারে রাখা ছবির দৃশ্য, যেখানে ট্রাম্প, জেফরি এপস্টেইন, মেলানিয়া ট্রাম্প ও এপস্টেইনের সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েলের একটি ছবি দেখা যায়।
বিচার বিভাগ কেন নথিগুলো সরানো হয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি। এ ঘটনায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাটরা। এক্সে দেওয়া পোস্টে তারা লিখেছে, ‘আর কী কী গোপন করা হচ্ছে? মার্কিন জনগণের স্বচ্ছতা প্রয়োজন।’
এপস্টেইন–সংক্রান্ত বহুল প্রতীক্ষিত নথি প্রকাশ নিয়েও নতুন করে সমালোচনা উঠেছে। প্রকাশিত হাজারো পৃষ্ঠার নথিতে তাঁর অপরাধ বা তাঁকে বছরের পর বছর ফেডারেল অভিযোগ থেকে রক্ষা করার সিদ্ধান্ত নিয়ে খুব কম নতুন তথ্য মিলেছে। অনেক গুরুত্বপূর্ণ নথি আংশিক বা পুরোপুরি কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
কংগ্রেস নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও বিচার বিভাগ জানিয়েছে, ভুক্তভোগীদের পরিচয় গোপন রাখতে সময় লাগায় নথি পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। তবে এ ধীরগতিতে ক্ষুব্ধ এপস্টেইনের নির্যাতনের শিকাররা এবং কংগ্রেসের একাংশ।
তথ্যসূত্র: এপি