ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প
ভেনেজুয়েলার দীর্ঘদিনের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ এখন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলায় আগের মতো শাসনব্যবস্থা আর চলতে দেওয়া হবে না।
ভেনেজুয়েলার দীর্ঘদিনের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ এখন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলায় আগের মতো শাসনব্যবস্থা আর চলতে দেওয়া হবে না।
শনিবার (৩ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘মাদুরোর আটকের পর ভেনেজুয়েলার পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখন যুক্তরাষ্ট্র ঠিক করছে। যেখানে তিনি শেষ করেছেন, সেখানে গিয়ে আর কাউকে একই কায়দায় ক্ষমতা দখল করতে দেওয়া হবে না।’
ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, দেশটির তেল শিল্পে ওয়াশিংটন জোরালোভাবে যুক্ত হতে যাচ্ছে। তাঁর ভাষায়, ‘আমাদের কাছে বিশ্বের সেরা ও বৃহত্তম তেল কোম্পানি রয়েছে। ভেনেজুয়েলায় আমরা বড় আকারে বিনিয়োগ ও কার্যক্রম শুরু করব।’
মাদুরোকে আটকের সামরিক অভিযানকে বৈশ্বিক রাজনীতির জন্য একটি শক্ত বার্তা হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘এই অভিযান প্রমাণ করেছে—আমাদের কেউ ঠেলে সরিয়ে দিতে পারবে না।’ তিনি জানান, পুরো অভিযানটি তিনি সরাসরি পর্যবেক্ষণ করেছেন এবং এর গতি ও মাত্রা ছিল ‘অবিশ্বাস্য’।
ভেনেজুয়েলার পরবর্তী নেতৃত্ব নিয়ে ট্রাম্প বলেন, দেশটির বিরোধী দলীয় নেতার হাতে ক্ষমতা দেওয়া হবে কি না, তা ওয়াশিংটন খতিয়ে দেখছে। তবে বর্তমানে সেখানে একজন ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছেন বলেও তিনি স্বীকার করেন।
মাদুরোকে একটি অত্যন্ত সুরক্ষিত স্থান থেকে আটক করা হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, অভিযানে কয়েকজন মার্কিন সদস্য আহত হলেও তারা এখন নিরাপদ। নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে মানব পাচারসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং বিচারের জন্য তাদের নিউইয়র্কে নেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট।
তথ্যসূত্র: আল জাজিরা