ডেনমার্কের ৬০ শতাংশ মানুষের কাছে ট্রাম্প এখন ‘শত্রু’
গ্রিনল্যান্ড দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ডেনমার্কে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাবকে তীব্র করেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ডেনমার্কের ৬০ শতাংশ মানুষ এখন যুক্তরাষ্ট্রকে ‘শত্রু’ হিসেবে দেখছেন।
ডেনমার্কের সরকারি সংবাদমাধ্যম ডিআর-এর জন্য পরিচালিত জরিপে অংশগ্রহণকারীদের মাত্র ১৭ শতাংশ যুক্তরাষ্ট্রকে ‘মিত্র’ হিসেবে বিবেচনা করেছেন। অর্থাৎ দেশটির পাঁচ ভাগের চার ভাগ মানুষই ওয়াশিংটনের সঙ্গে মিত্রতার ধারণা থেকে সরে এসেছেন।
প্রথাগতভাবে ন্যাটো জোটের সদস্য হিসেবে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ মিত্র। এখনো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে ‘সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র’ বলেই উল্লেখ করে কোপেনহেগেন। তবে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা প্রকাশ ড্যানিশ রাজনীতি ও জনমনে গভীর অস্বস্তি তৈরি করেছে।
ডেনমার্কের অংশ হলেও গ্রিনল্যান্ড স্বশাসিত ও স্বার্বভৌম অঞ্চল হিসেবে বিবেচিত। ট্রাম্প একাধিকবার প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দিয়ে দ্বীপটি দখলের কথা বলেন, যা ন্যাটোর অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো নিয়েও প্রশ্ন তুলেছে।
জরিপটি পরিচালনা করেছে বিশ্লেষণী প্রতিষ্ঠান এপিনিয়ন। এতে ১৮ বছর বা তার বেশি বয়সী এক হাজার ৫৩ জন ডেনমার্কবাসী অংশ নেন। জরিপটি অনুষ্ঠিত হয় ২১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত।
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের অবস্থানের প্রতিবাদে জানুয়ারি থেকেই কোপেনহেগেনে মার্কিন দূতাবাসের সামনে একাধিক বিক্ষোভ হয়েছে। সর্বশেষ শনিবার অবসরপ্রাপ্ত ড্যানিশ সেনাদের নেতৃত্বে ‘নীরব প্রতিবাদে’ অংশ নেন হাজারো মানুষ।
তথ্যসূত্র: এএফপি