শুল্ক-আয় থেকে সবাইকে ২ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক থেকে অর্জিত রাজস্বের একটি অংশ নাগরিকদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ করা হবে। প্রত্যেক আমেরিকান পাবেন ২ হাজার ডলার করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক থেকে অর্জিত রাজস্বের একটি অংশ নাগরিকদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ করা হবে। প্রত্যেক আমেরিকান পাবেন ২ হাজার ডলার করে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমরা ট্রিলিয়ন ডলার আয় করছি এবং শিগগিরই ৩৭ ট্রিলিয়ন ডলারের ঋণ পরিশোধ শুরু করব। যুক্তরাষ্ট্রে রেকর্ড বিনিয়োগ হচ্ছে, নতুন কারখানা গড়ে উঠছে সর্বত্র। এখন প্রত্যেকের জন্য অন্তত ২ হাজার ডলারের একটি ডিভিডেন্ড দেওয়া হবে (উচ্চ আয়ের মানুষ ছাড়া)।’
শুল্ক থেকে অর্জিত বিলিয়ন ডলার রাজস্ব থেকেই এই অর্থ বিতরণের পরিকল্পনা করছেন ট্রাম্প। তিনি এর আগেও কয়েকবার এমন প্রস্তাব তুলেছেন, যদিও তা এখনো বাস্তবায়িত হয়নি।
ট্রাম্পের এই ঘোষণা এল এমন এক সময়, যখন তাঁর শুল্কনীতি সুপ্রিম কোর্টে বড় আইনি চ্যালেঞ্জের মুখে। আদালতে বিচারপতিরা প্রশ্ন তুলেছেন—ট্রাম্পের আরোপিত এসব শুল্ক আদৌ আইনসম্মত ছিল কি না, নাকি তা কার্যত কর হিসেবে ব্যবহৃত হয়েছে। যদি আদালত শেষ পর্যন্ত শুল্কগুলোকে অবৈধ ঘোষণা করে, তবে সরকারকে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ আমদানিকারকদের ফেরত দিতে হতে পারে।
অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রোববার এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে বলেন, ‘শুল্কের লক্ষ্য রাজস্ব আদায় নয়, বরং বৈশ্বিক বাণিজ্যে ভারসাম্য ফিরিয়ে আনা।’
সম্প্রতি রিপাবলিকানদের নির্বাচনী ব্যর্থতা ও মূল্যস্ফীতির জন্য ট্রাম্পের শুল্কনীতিকে দায়ী করে সমালোচনা বেড়েছে। বিশ্লেষকেরা বলছেন, ‘শুল্ক লভ্যাংশ’ ঘোষণাটি সেই সমালোচনার জবাব হিসেবে কাজ করতে পারে।
তথ্যসূত্র: ফরচুন