টেক্সাসে জমি–বাড়ি জালিয়াতি ঠেকাতে নতুন আইন, জোরাল হবে সম্পত্তির সুরক্ষা
টেক্সাসে শিগগিরই কার্যকর হতে যাচ্ছে একগুচ্ছ নতুন আইন, যা সম্পত্তি ও দলিল জালিয়াতি অনেক কঠিন করে তুলবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইনপ্রণেতা ও প্রসিকিউটররা এসব আইন নিয়ে আলোচনা করেন।
টেক্সাসে শিগগিরই কার্যকর হতে যাচ্ছে একগুচ্ছ নতুন আইন, যা সম্পত্তি ও দলিল জালিয়াতি অনেক কঠিন করে তুলবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইনপ্রণেতা ও প্রসিকিউটররা এসব আইন নিয়ে আলোচনা করেন।
বছরে কোটি কোটি ডলারের ক্ষতি হয় রিয়েল এস্টেট জালিয়াতিতে—দলিল জালিয়াতি, ভুয়া দলিল তৈরি ও মালিকানা বদলের মতো অপরাধে। এ ধরনের প্রতারণা ঠেকাতে সাধারণ অধিবেশন ও বিশেষ অধিবেশনে চারটি বিল পাস করিয়েছেন ডালাসের স্টেট সিনেটর রয়েস ওয়েস্ট (ডেমোক্র্যাট)। এর মধ্যে সিনেট বিল ১৬-এ প্রথমবারের মতো ‘রিয়েল প্রপার্টি চুরি ও জালিয়াতি’কে পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
এখন থেকে যেকোনো দলিল জমা দিতে হলে রাজ্যনির্ধারিত ফটো আইডি দেখানো বাধ্যতামূলক। নোটারি পাবলিকও সংশ্লিষ্ট ব্যক্তির উপস্থিতি ছাড়া কোনো নথিতে সিল দিতে পারবেন না। কাউন্টি ক্লার্কদেরও নথি যাচাইয়ে আরও সতর্ক থাকতে হবে; সন্দেহজনক কাগজপত্র পেলেই আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
ডালাস কাউন্টির ক্লার্ক জন ওয়ারেন বলেন, বিশেষ করে প্রবীণদের অনেকেই এ ধরনের প্রতারণার শিকার হন। তিনি বলেন, ‘মানুষ যখন হতাশ মুখে এসে বলে, ‘‘আমাকে বাঁচান, এটা কীভাবে সম্ভব?’’—সেটা আমাকে খুব ক্ষুব্ধ করে।’
ডালাস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জন ক্রুউজট বলেন, ‘ডিড ফ্রড কোনো ভেদাভেদ করে না; এটা আর্থিক সহিংসতা। এতদিন ভুক্তভোগীদের একাই লড়তে হয়েছে।”
হাউসে বিলগুলো উপস্থাপন করেছেন স্টেট রিপ্রেজেন্টেটিভ রাফায়েল আনচিয়া। তিনি বলেন, ‘ডালাসে আমরা বলছি—আর নয়। মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদকে রক্ষা করাই আমাদের মূল্যবোধ।’
আগামী মাসে নতুন আইন কার্যকর হলে বাড়ি বা জমি প্রতারণার মাধ্যমে দখল ঠেকাতে টেক্সাস হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সুরক্ষা-বিধানসমৃদ্ধ অঙ্গরাজ্যগুলোর একটি।
তথ্যসূত্র: ফক্স ফোর