মায়ামির সঙ্গে মেসির নতুন চুক্তি, খেলবেন ৪১ বছর বয়সেও
বয়স তার কাছে স্রেফ একটাা সংখ্যা। সাইত্রিশ ছাড়িয়ে গত জুনে আটত্রিশে পা রেখেছেন। আটত্রিশ কী, চল্লিশেও তিনি চালশে হওয়ার পাত্র নন-এই বার্তা দিয়ে লিওনেল মেসি নতুন চুক্তি করলেন ইন্টার মায়ামির সঙ্গে।
বয়স তার কাছে স্রেফ একটাা সংখ্যা। সাইত্রিশ ছাড়িয়ে গত জুনে আটত্রিশে পা রেখেছেন। আটত্রিশ কী, চল্লিশেও তিনি চালশে হওয়ার পাত্র নন-এই বার্তা দিয়ে লিওনেল মেসি নতুন চুক্তি করলেন ইন্টার মায়ামির সঙ্গে।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাবটির সঙ্গে আরও তিন বছরের চুক্তি নবায়ন করেছেন আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার। নতুন এই চুক্তির অর্থই-মায়ামির হয়ে একচল্লিশ বছর বয়সেও মাঠ মাতিয়ে যাবেন তিনি। বৃহস্পতিবার ইন্টার মায়ামির এক বিবৃতিতে মেসির সঙ্গে চুক্তি নবায়নের কথা জানানো হয়েছে।।
ইন্টার মায়ামির নির্মাণাধীন ফ্রিডম পার্ক স্টেডিয়ামে বসে নতুন চুক্তিতে সেই করেন মেসি। আগামী বছর থেকে এটাই হবে মায়ামির ঘর। সামাজিক যোগাযোগ মাধ্যমে চুক্তির ভিডিও দিয়ে ক্যাপশনে মায়ামি জানিয়েছে, হি ইজ হোম (তিনি থাকছেন)।
চুক্তি নবায়নের পর উচ্ছ্বসিত মেসি বলেন, ‘এখানে থাকতে পারে এবং এই প্রকল্পের সঙ্গে থাকতে পেরে আমি খুশি। ফ্রিডম পার্কে খেলার স্বপ্ন এখন একটি সুন্দর বাস্তবতায় পরিণত হয়েছে। মায়ামিতে আসার পর থেকে আমি খুব খুশি আছি। তাই এখানে খেলা চালিয়ে যেতে পেরে আমি সত্যিই আনন্দিত।’
মেসি আরও যোগ করেন, ‘আমরা সবাই সেই মুহূর্তটির জন্য খুব রোমাঞ্চিত, যখন অবশেষে মায়ামি ফ্রিডম পার্কে খেলতে পারব। আমাদের নতুন ঘরে খেলার অভিজ্ঞতা নিতে এবং ভক্তদেরকেও তা উপভোগ করার সুযোগ দিতে তর সইছে না। এমন দর্শনীয় ঘরের মাঠে খেলতে পারাটা সত্যিই বিশেষ কিছু হবে।’
ইন্টার মায়ামির সহ-মালিক ও ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যাম বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল বিশ্বের সেরা খেলোয়াড়দের ইন্টার মায়ামিতে আনা। আর ঠিক সেটাই করেছি। আমরা সেই খেলোয়াড়কে এনেছি যে খেলাটির সবচেয়ে সেরা খেলোয়াড়। এটি মায়ামির প্রতি আমাদের প্রতিশ্রুতিকে ফুটিয়ে তোলে।একই সঙ্গে শহর, ক্লাব ও খেলার প্রতি মেসির দায়বদ্ধতা প্রকাশ করে।’
মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করবেন মেসি-এটা অবশ্য অনুমিতই ছিল। ২০২৩ সালে আড়াই বছরের চুক্তিতে পিএসজি ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছিলেন। এ বছরই শেষ হওয়ার কথা ছিল আগের চুক্তি। তার আগে ইন্টার মায়ামির সঙ্গে আরও তিন বছরের চুক্তি করে ফেললেন আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তি।
তথ্যসূত্র: ফক্স স্পোর্টস