সিনেট লড়াই ছাড়লেন ডালাসের সাবেক কংগ্রেসম্যান অলরেড, নতুনভাবে ফিরতে চান কংগ্রেসে
ডালাসের সাবেক কংগ্রেসম্যান কলিন অলরেড যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে টেক্সাসের নতুনভাবে নির্ধারিত ৩৩তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।
ডালাসের সাবেক কংগ্রেসম্যান কলিন অলরেড যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে টেক্সাসের নতুনভাবে নির্ধারিত ৩৩তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে লরেড বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও ডোনাল্ড ট্রাম্পের “বর্ধিত ঝুঁকি” তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। তিনি জানান, কংগ্রেসে ফিরে গিয়ে গণতন্ত্র রক্ষা ও কর্মজীবী মানুষের পক্ষে লড়াই করাই এখন তাঁর লক্ষ্য।
সোমবার ছিল ২০২৬ সালের নির্বাচনের জন্য প্রার্থীতা জমা দেওয়ার শেষ দিন। এদিন অলরেড বলেন, সিনেট দৌড়ে থাকা মানে দলীয় বিভাজন বাড়ানো এবং তা রাজ্যের জন্য ভালো হবে না। নতুন মানচিত্রে ৩৩তম ডিস্ট্রিক্ট তাঁর জন্ম ও বেড়ে ওঠার এলাকা হওয়ায় সেখান থেকে প্রার্থী হওয়াকেই তিনি উপযুক্ত মনে করছেন।
এই ঘোষণায় ডেমোক্র্যাটিক পার্টির ভেতর নতুন প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। অলরেড এখন মুখোমুখি হবেন বর্তমান প্রতিনিধি জুলি জনসনের, যিনি ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়েছেন। জনসন বলেছেন, তিনি আগের মতোই নিজের এলাকায় কাজ চালিয়ে যাবেন।
অলরেডের সরে দাঁড়ানোয় সিনেট দৌড়ে বড় বাধা দূর হলো ডালাসের কংগ্রেসওম্যান জ্যাসমিন ক্রকেটের সামনে। তিনি সোমবারই সিনেট প্রার্থিতা ঘোষণার কথা জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অলরেড ও ক্রকেট দুজনই দৌড়ে থাকলে রানঅফ অনিবার্য হতো।
সিনেটের আসনটি বর্তমানে রিপাবলিকান জন করনিনের দখলে। ২০২৬ সালের নির্বাচনে করনিন, অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন, ও কংগ্রেসম্যান ওয়েসলি হান্ট–সহ বেশ কয়েকজন শক্তিশালী প্রার্থী রিপাবলিকান মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অলরেড এনএফএলে চার মৌসুম খেলেছেন, পরে সিভিল রাইটস অ্যাটর্নি হিসেবে কাজ করেন এবং ২০১৮ সালে ডালাস এলাকায় কংগ্রেস সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে তিনি টেড ক্রুজকে চ্যালেঞ্জ করে হেরে যান।
টেক্সাসের নতুন কংগ্রেশনাল মানচিত্র নিয়ে চলছে বিতর্ক ও আদালতের লড়াই—রিপাবলিকানদের বাড়তি আসন পেতে মানচিত্র পুনর্নির্ধারণের অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্ট আপাতত নতুন মানচিত্র ব্যবহারে সবুজ সংকেত দিয়েছে।
টেক্সাসে ইউএস সিনেট প্রাইমারি হবে আগামী ৩ মার্চ। আর সাধারণ নির্বাচন ৩ নভেম্বর ২০২৬।
তথ্যসূত্র: ফক্স ফোর