টেক্সাসের আলভারাডোয় শিক্ষিকা খুন, স্বামী আটক
টেক্সাসের আলভারাডোতে এক শিক্ষিকা খুন হয়েছেন। তার স্বামীকে দক্ষিণ-পূর্ব টেক্সাসের গ্রাইমস কাউন্টি থেকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ।
টেক্সাসের আলভারাডোতে এক শিক্ষিকা খুন হয়েছেন। তার স্বামীকে দক্ষিণ-পূর্ব টেক্সাসের গ্রাইমস কাউন্টি থেকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ।
আলভারাডো পুলিশের সহকারী প্রধান বেন মুর জানিয়েছেন, ৩৩ বছর বয়সী শিক্ষিকা চেলসি স্পিলার্সকে শনিবার বিকেলে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক ময়নাতদন্তে দেখা গেছে, শারীরিক আঘাতে তার মৃত্যু হয়েছে। এরপরই তার স্বামী ব্র্যান্ডন অ্যাশলির বিরুদ্ধে হত্যার পরোয়ানা জারি হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার প্রতিবেশীর ফোনে তাদের বাড়িতে গৃহবিবাদের অভিযোগ যায় এবং তারা সে বাড়িতে উপস্থিত হলে অ্যাশলি নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেন। এতে অফিশিয়াল কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন। পরে স্পিলার্স নিজেই তাকে জামিনে মুক্ত করেন।
শনিবার বিকেল ৫টার দিকে পুলিশ আবার সেই বাড়িতে বাড়িতে খোঁজ নিতে গিয়ে স্পিলার্সের মরদেহ দেখতে পান।
রোববার থেকে নিখোঁজ ছিলেন অ্যাশলি। গ্রাইমস কাউন্টিতে কয়েকজন বাসিন্দা জানান, বিভিন্ন বাড়ির দরজায় কড়া নেড়ে অ্যাশলি জামা চেয়েছিলেন এবং জানিয়েছিলেন, হাইওয়ে ৯০ তিনি এড়িয়ে চলেছেন কারণ সেখানে অনেক পুলিশ আছে।
সোমবার সকালে স্থানীয় এক ব্যবসাপ্রতিষ্ঠানে অ্যাশলিকে গ্রেপ্তার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হয় চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য।
আলভারাডো আইএসডি নিশ্চিত করেছে, নিহত চেলসি স্পিলার্স স্থানীয় হাই স্কুলে জীববিজ্ঞান ও রসায়নের শিক্ষিকা ছিলেন। জেলা প্রশাসনের বিবৃতিতে বলা হয়, ‘চেলসি ছিলেন নিবেদিতপ্রাণ শিক্ষিকা, শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসা ছিল গভীর। এই মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত।’
তার শিক্ষার্থীরাও শ্রদ্ধা জানাতে সোমবার তার পছন্দের রঙের ফিতা বেঁধে স্কুলে আসে। এক শিক্ষার্থী বলেন, ‘তিনি ছিলেন আমাদের দিনের আলো। সবসময় তিনি আমাদের কথা আগে ভাবতেন।’
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনও চলছে।
তথ্যসূত্র: এনবিসি ৫