হাদি হত্যার তদন্ত চেয়ে ৮ ফেব্রুয়ারি জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার
শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে করার লক্ষ্যে সংস্থাটির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) এ চিঠি দেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত এমন সময়ে জানানো হলো, যার আগে হাদি হত্যার তদন্তের দাবিতে বিক্ষোভরত ইনকিলার মঞ্চের সদস্যদের ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনী।

তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যমুনা ও আশপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী শুরুতে বল প্রয়োগ করেনি।
তবে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে এবং জলকামানের ওপর উঠে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়। এ সময় কোনো গুলি ছোড়া হয়নি বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগের ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ মোট ২৩ জন চিকিৎসা নিয়েছেন। কারও শরীরে গুলির আঘাত পাওয়া যায়নি।
সরকার বলেছে, হাদি হত্যার বিচার নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতিসংঘের অধীনে তদন্তের আইনগত দিক পর্যালোচনা শেষে চিঠি পাঠানো হবে। বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগও নাকচ করেছে সরকার।
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সবাইকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে সরকার বলেছে, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
ডালাস বার্তা প্রতিবেদক