বিএনপি–জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ: ‘প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা’ নেবে ইসি
ভোটগ্রহণ শুরুর আগের দিন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ১১টি দলের নেতাদের পৃথক বৈঠক ও পাল্টাপাল্টি অভিযোগে সরগরম আগারগাঁওয়ের নির্বাচন ভবন। দুই পক্ষই নির্বাচনি পরিবেশ, আইনশৃঙ্খলা ও প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে। ইসি বলছে, সুনির্দিষ্ট প্রমাণ পেলে ভোট কেনাবেচাসহ যেকোনো অনিয়মে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভোটগ্রহণ শুরুর আগের দিন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ১১টি দলের নেতাদের পৃথক বৈঠক ও পাল্টাপাল্টি অভিযোগে সরগরম আগারগাঁওয়ের নির্বাচন ভবন। দুই পক্ষই নির্বাচনি পরিবেশ, আইনশৃঙ্খলা ও প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে। ইসি বলছে, সুনির্দিষ্ট প্রমাণ পেলে ভোট কেনাবেচাসহ যেকোনো অনিয়মে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে। পরে তিনি বলেন, ‘যে নির্বাচন বানচালের চেষ্টা করবে, জনগণই তাদের প্রতিরোধ করবে।’ ফেনী-১ আসনে টাকা বিলির ভিডিও প্রকাশ, ময়মনসিংহ, রামু, কাহালু, লক্ষ্মীপুর ও সৈয়দপুরে জামায়াত নেতাদের আটকের ঘটনা তুলে ধরে দ্রুত পদক্ষেপের দাবি জানান তিনি।
সৈয়দপুরে টাকাসহ জামায়াত নেতাকে আটকের ঘটনায় ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের একটি মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে নজরুল বলেন, ভোটার প্রভাব ঠেকাতে বিকাশে এক হাজার টাকার বেশি লেনদেন না করার নির্দেশ রয়েছে। সচিব পরে ‘মিসকোট’ হওয়ার দাবি করেছেন বলে জানান তিনি।
অন্যদিকে, ১১ দলীয় জোটের পক্ষে সিইসির সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীদের ওপর হামলা ও বুথ ভাঙচুর হচ্ছে। তিনি বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।’
ইসির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন জুবায়ের। তার দাবি, বিএনপি শক্তিশালী আসনে সিসি ক্যামেরা কম, আর জামায়াতের শক্ত ঘাঁটিতে অস্বাভাবিক বেশি। সৈয়দপুরে টাকা উদ্ধারের ঘটনাকে তিনি ‘নাটক’ আখ্যা দিয়ে বলেন, ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়িক প্রয়োজনে টাকা বহন করা হচ্ছিল।
এদিকে, বুধবার রাত ৯টায় ইসি বিজ্ঞপ্তিতে জানায়, ভোট কেনাবেচা দণ্ডনীয় অপরাধ; সত্যতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯ আসনে একটানা ভোটগ্রহণ চলবে। ইসির ভাষ্য, সব কেন্দ্রে ব্যালট ও প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইসি বলছে, তারা শতভাগ প্রস্তুত। ভোটের পরিবেশ ও কমিশনের ঘোষিত ‘কঠোর ব্যবস্থা’র বাস্তবায়নের দিকেই নজর সবার।
ডালাস বার্তা প্রতিবেদক