এনসিটি ইজারা: চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট, সব ধরনের কার্যক্রম বন্ধ
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট আবারও শুরু হয়েছে। দুই দিনের বিরতির পর রোববার সকাল ৮টা থেকে ধর্মঘট কার্যকর হলে বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট আবারও শুরু হয়েছে। দুই দিনের বিরতির পর রোববার সকাল ৮টা থেকে ধর্মঘট কার্যকর হলে বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
ধর্মঘটের কারণে বন্দরের তিনটি টার্মিনাল ও বহির্নোঙরে পণ্য ওঠানামা সম্পূর্ণ বন্ধ রয়েছে। শ্রমিকরা বন্দর এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ায় পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বন্দর এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে পুলিশের সাঁজোয়া যান ও জলকামান।
সকাল পর্যন্ত কোথাও সংঘর্ষের খবর পাওয়া না গেলেও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন অভিযোগ করেছেন, শনিবার রাতে দুই শ্রমিক নেতাকে গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে। তবে ডিবি পুলিশ বা বন্দর থানা পুলিশ এখনো গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
এদিকে সকাল সাড়ে ৯টায় বন্দর অডিটোরিয়ামে শ্রমিকদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের বৈঠকের কথা থাকলেও শ্রমিক নেতারা বৈঠক বর্জনের ঘোষণা দেওয়ায় তা অনুষ্ঠিত হয়নি।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আরেক সমন্বয়ক হুমায়ুন কবির অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পোর্ট কলোনি এলাকার বিভিন্ন বাসা থেকে শ্রমিকদের জোর করে তুলে এনে বৈঠকস্থলে নেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে।
এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত ঘিরে চলমান এই আন্দোলনের ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরের কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।
ডালাস বার্তা প্রতিবেদক