ধ্বংসস্তূপে স্বজনের খোঁজে মরিয়া ভেনেজুয়েলাবাসী, নিহত বেড়ে ৯২০

ভয়াবহ ভূমিকম্পের দুই দিন পরও ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন বাসিন্দারা। অনেকেই অভিযোগ করছেন, উদ্ধারকাজে সরকারি দলের উপস্থিতি খুবই সীমিত হওয়ায় সাধারণ মানুষই নিজেরাই ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ করছেন।

Jun 26, 2026 - 21:06

বুধবার রাতে আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৯২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৩৬০ জন। এছাড়া হাজারো মানুষ এখনো নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরের উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্য। সেখানে বহু ভবন ধসে পড়েছে এবং এলাকাটিকে দুর্যোগ অঞ্চল ঘোষণা করা হয়েছে। অনেক পরিবার ভারী যন্ত্রপাতির অভাবে হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের উদ্ধারের চেষ্টা করছে।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধারকারী দল লা গুয়াইরায় পাঠানো হয়েছে। একই সঙ্গে বিদেশি উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা পৌঁছাতে শুরু করেছে। সরকার খাদ্য, পানি ও জরুরি সহায়তা বিতরণের পাশাপাশি আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, এই ভূমিকম্পে ভেনেজুয়েলায় প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। এর মধ্যে শুধু রাজধানী কারাকাসেই প্রভাব পড়েছে প্রায় ২০ লাখ মানুষের ওপর। উদ্ধারকর্মীরা বলছেন, সময়ের সঙ্গে জীবিতদের উদ্ধারের সম্ভাবনা কমে আসছে, তবে এখনো ধ্বংসস্তূপের নিচে মানুষ বেঁচে থাকার আশা রয়েছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস / এনবিসি ডিএফডব্লিউ