মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কূটনৈতিক চ্যানেলে জবাব চাইল ঢাকা
মক্কার একটি মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব। বাংলাদেশ কনস্যুলেটকে কোনো নোটিশ না দিয়েই এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মক্কার একটি মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব। বাংলাদেশ কনস্যুলেটকে কোনো নোটিশ না দিয়েই এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে সৌদি সংবাদমাধ্যম আজেল নিউজের প্রতিবেদনের মাধ্যমে বুধবার এ তথ্য জানা যায়। এরপর জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট কূটনৈতিক চ্যানেলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায়।
নিহত দুজনের নাম উল্লেখ করা হয়েছে নাজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আক্তার। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনী তাদের গ্রেফতার করে, আদালতে বিচার হয় এবং পরে মৃত্যুদণ্ড কার্যকর হয়।
কনস্যুলেটের এক কর্মকর্তা জানান, মামলার বিচার চলাকালীন বা মৃত্যুদণ্ড কার্যকরের পরেও মিশনকে কোনো কূটনৈতিক বার্তা দেওয়া হয়নি। তিনি বলেন, তারা জানতে চেয়েছেন ওই দুজনের নাগরিকত্ব কী, কী করেছিলেন এবং কেন এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের ইকামা বা পাসপোর্টের কোনো তথ্যও পাওয়া যাচ্ছে না।
সৌদি আরবে বর্তমানে প্রায় ২৫ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করেন। এর আগেও বিভিন্ন সময়ে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুদণ্ডের ঘটনায় দূতাবাস বা কনস্যুলেটকে আগে না জানানোর অভিযোগ উঠেছে।
সূত্র: বিডিনিউজ২৪