ডিপোর্টের পর ফের যুক্তরাষ্ট্রে প্রবেশ, এল পাসোতে ১৭ জনকে গ্রেপ্তার করল আইসিই
টেক্সাসের এল পাসোতে একটি স্ট্যাশ হাউসে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইসিই। গ্রেপ্তারদের মধ্যে আটজনকে এর আগে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করা হয়েছিল।
টেক্সাসের এল পাসোতে একটি স্ট্যাশ হাউসে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। গ্রেপ্তারদের মধ্যে আটজনকে এর আগে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করা হয়েছিল।
গত ১৪ আগস্ট বর্ডার এনফোর্সমেন্ট সিকিউরিটি টাস্ক ফোর্স ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই অভিযান চালানো হয়। আইসিই এল পাসো জানিয়েছে, গ্রেপ্তার ১৭ জনের মধ্যে ১৩ জন মেক্সিকোর, দুজন ব্রাজিলের, একজন গুয়াতেমালার এবং একজন হন্ডুরাসের নাগরিক।
আগে ডিপোর্ট হওয়া আটজনের বিরুদ্ধে অবৈধভাবে পুনঃপ্রবেশের ফেডারেল অভিযোগ আনা হতে পারে। আরও দুজনের বিরুদ্ধে ইমিগ্রেশন জজের দেওয়া চূড়ান্ত অপসারণের আদেশ রয়েছে। একজন মেক্সিকান নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
একই সময়ে টেক্সাসের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে ৭ থেকে ১৩ আগস্টের মধ্যে ইমিগ্রেশন-সংক্রান্ত ২৯২টি নতুন মামলা দায়ের করা হয়েছে বলে ইউএস অ্যাটর্নির অফিস জানিয়েছে। এর মধ্যে আগে ডিপোর্ট হওয়া ব্যক্তিদের পুনরায় প্রবেশের অভিযোগও রয়েছে।
ডিপোর্টের পর অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রে পুনঃপ্রবেশ ফেডারেল আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। ব্যক্তির আগের রেকর্ডের ওপর ভিত্তি করে ইমিগ্রেশন ব্যবস্থার পাশাপাশি ফেডারেল ক্রিমিনাল মামলাও হতে পারে।