সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সালমান শাহর মা নীলা চৌধুরী বলেছেন, ডনের জামিন হলে কোথাও দুর্বলতা আছে বলে ধরে নেবেন তিনি।

Aug 12, 2026 - 19:59
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
উইকিমিডিয়া কমন্স

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।

গত ১২ আগস্ট বুধবার ডনের আইনজীবীরা আদালতে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

যুক্তরাজ্য থেকে সালমান শাহর মা নীলা চৌধুরী প্রথম আলোকে বলেন, “হত্যা মামলার আসামি কি জামিন পায়? যদি তাকে জামিন দেওয়া হয়, তাহলে আমি ধরে নেব, কোথাও কোনো দুর্বলতা রয়েছে।” তিনি আরও বলেন, ডনের জামিন হলে দেশে সালমান-ভক্তরা আন্দোলন গড়ে তুলবেন।

গত ৯ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর তাঁকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তাঁর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালত হত্যা মামলা করার নির্দেশ দেন। সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে গত বছরের অক্টোবরে রমনা থানায় হত্যা মামলা করেন।

সূত্র: প্রথম আলো