নেটফ্লিক্সে ভিডিও না দেওয়ার জন্য ইউটিউব কনটেন্ট নির্মাতাদের কোটি ডলার দিচ্ছে
ইউটিউব একাধিক কনটেন্ট নির্মাতার সঙ্গে চুক্তির কাছাকাছি পৌঁছেছে, যাতে তারা নেটফ্লিক্সে ভিডিও একই সময়ে প্রকাশ না করেন। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব এই চুক্তির বিনিময়ে নির্মাতাদের লাখ লাখ ডলার দেওয়ার প্রস্তাব দিচ্ছে।
ইউটিউব একাধিক কনটেন্ট নির্মাতার সঙ্গে চুক্তির কাছাকাছি পৌঁছেছে, যাতে তারা নেটফ্লিক্সে ভিডিও একই সময়ে প্রকাশ না করেন। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব এই চুক্তির বিনিময়ে নির্মাতাদের লাখ লাখ ডলার দেওয়ার প্রস্তাব দিচ্ছে।
নেটফ্লিক্স ইতোমধ্যে অ্যালান চিকিন চৌ, নিক ডি জিওভানি ও মিথিক্যাল এন্টারটেইনমেন্টের মতো শীর্ষ ইউটিউব নির্মাতাদের তাদের প্ল্যাটফর্মে একই দিনে ভিডিও প্রকাশ করার জন্য অর্থ দিয়ে আসছিল। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউব এই প্রতিযোগিতার জবাবে পাল্টা পদক্ষেপ নিচ্ছে।
এখন পর্যন্ত কোনো চুক্তি চূড়ান্তভাবে সই হয়নি, তবে একাধিক অংশীদারের সঙ্গে আলোচনা অনেকটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। নেটফ্লিক্স বর্তমানে বিজ্ঞাপনভিত্তিক সেবা সম্প্রসারণে মনোযোগ দিলেও ক্রিয়েটর কনটেন্টকে নতুন দর্শক টানার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
ইউটিউব বিশ্বে ভিডিও স্ট্রিমিংয়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এবং বিজ্ঞাপন আয় থেকে নির্মাতাদের বড় অংশ দিয়ে থাকে। নেটফ্লিক্সের সঙ্গে এই নতুন প্রতিযোগিতা কনটেন্ট নির্মাতাদের দরকষাকষির ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিচ্ছে।
গত কয়েক বছরে নেটফ্লিক্স প্রথাগত টেলিভিশনের দর্শক টেনে এনে স্ট্রিমিং জগতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে, তবে ইউটিউব টেলিভিশন স্ক্রিনে দেখার হারে এগিয়ে যাচ্ছে। দুই প্ল্যাটফর্মের এই লড়াই ডিজিটাল বিনোদনের ব্যবসায়িক কাঠামোকে নতুনভাবে রূপ দিচ্ছে।
সূত্র: ব্লুমবার্গ