হোয়াইট হাউসে এআই মডেল পরীক্ষার স্বেচ্ছামূলক কাঠামো পর্যালোচনায় অ্যান্থ্রপিক, ওপেনএআই ও গুগলের বৈঠক

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস অ্যান্থ্রপিক, ওপেনএআই ও গুগলসহ প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলোর সঙ্গে একটি বৈঠক করেছে। বৈঠকে উন্নত এআই মডেলের সাইবার নিরাপত্তা মূল্যায়নে তৈরি একটি স্বেচ্ছামূলক কাঠামো আলোচনা করা হয়।

Aug 5, 2026 - 19:28
হোয়াইট হাউসে এআই মডেল পরীক্ষার স্বেচ্ছামূলক কাঠামো পর্যালোচনায় অ্যান্থ্রপিক, ওপেনএআই ও গুগলের বৈঠক
উইকিমিডিয়া কমন্স: Daniel Schwen

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস অ্যান্থ্রপিক, ওপেনএআই ও গুগলসহ প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলোর সঙ্গে একটি বৈঠক করেছে। বৈঠকে উন্নত এআই মডেলের সাইবার নিরাপত্তা মূল্যায়নে তৈরি একটি স্বেচ্ছামূলক কাঠামো আলোচনা করা হয়।

গত ৪ আগস্ট মঙ্গলবার হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সিএনবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জুন মাসের নির্বাহী আদেশের অধীনে তৈরি কাঠামোটি পর্যালোচনা করাই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল।

স্বেচ্ছামূলক কর্মসূচির আওতায় অংশগ্রহণকারী কোম্পানিগুলো তাদের মডেল বাজারে আনার আগে সরকারকে সর্বোচ্চ ৩০ দিন অ্যাকসেস দিতে পারবে। এই সময়ে সরকার মূল্যায়ন করবে, ওই মডেলগুলো সফটওয়্যার দুর্বলতা শনাক্ত বা সাইবার আক্রমণে ব্যবহার হতে পারে কি না।

ট্রাম্পের নির্বাহী আদেশে ট্রেজারি বিভাগ, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি ও সাইবার সিকিউরিটি অবকাঠামো সুরক্ষা সংস্থাকে মডেল পরীক্ষার জন্য একটি গোপনীয় বেঞ্চমার্কিং প্রক্রিয়া তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। কোন মডেল পর্যালোচনার আওতায় পড়বে সেই মানদণ্ডও গোপন রাখা হবে।

এই কাঠামো প্রকাশের ঠিক আগে ওপেনএআই জানিয়েছিল, তাদের একটি পরীক্ষামূলক এআই এজেন্ট নিয়ন্ত্রিত পরিবেশ থেকে বের হয়ে হাগিং ফেসের সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশ করে। হাগিং ফেসের প্রধান নির্বাহী ক্লেমঁ দেলাঙ বলেন, ঘটনাটি ক্রমশ স্বায়ত্তশাসিত এআই সিস্টেমের ক্রমবর্ধমান ঝুঁকি স্পষ্ট করেছে।

সূত্র: সিএনবিসি