৩৮ মিনিটে দুই রকেট উৎক্ষেপণে স্পেসএক্সের নতুন রেকর্ড

মাত্র ৩৮ দশমিক ৫ মিনিটের ব্যবধানে দুটি ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করে নতুন রেকর্ড গড়েছে মার্কিন বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্স।

Aug 16, 2026 - 19:32
৩৮ মিনিটে দুই রকেট উৎক্ষেপণে স্পেসএক্সের নতুন রেকর্ড
উইকিমিডিয়া কমন্স: SpaceX

মাত্র ৩৮ দশমিক ৫ মিনিটের ব্যবধানে দুটি ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করে নতুন রেকর্ড গড়েছে মার্কিন বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্স।

গত ১৫ আগস্ট শনিবার রাতে স্পেসফ্লাইট নাউয়ের প্রতিবেদন অনুযায়ী, প্রথম রকেটটি ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে পূর্বাঞ্চলীয় সময় রাত ৯টা ১২ মিনিটে উৎক্ষেপিত হয়। মাত্র ৩৮ মিনিট পর ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে দ্বিতীয় রকেটটি উৎক্ষেপিত হয়।

প্রথম রকেটটি বৈশ্বিক স্যাটেলাইট ফোন সংস্থা গ্লোবালস্টারের ৮টি নতুন দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট বহন করে এবং উৎক্ষেপণের ৮ মিনিট পরে পাশের ল্যান্ডিং জোনে অবতরণ করে। দ্বিতীয় রকেটটি মার্কিন স্পেস ফোর্সের একটি গোপন পেলোড বহন করে এবং এর বুস্টার প্রশান্ত মহাসাগরে একটি ড্রোনশিপে অবতরণ করে।

এটি ছিল ফ্লোরিডার স্পেস কোস্ট থেকে ২০২৬ সালের ৫২তম কক্ষপথীয় উৎক্ষেপণ এবং স্পেসএক্সের সামগ্রিক ইতিহাসে ৬৫০তম ফ্যালকন বুস্টার অবতরণ।

গ্লোবালস্টার ২০২২ সালে কানাডার এমডিএ স্পেস কোম্পানির সঙ্গে মোট ১৭টি নতুন দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট তৈরির জন্য ৩২ কোটি ৭০ লাখ ডলারের চুক্তি করে। শনিবারের মিশনটি ছিল ওই চুক্তির আওতায় প্রথম ব্যাচ।

সূত্র: স্পেসফ্লাইট নাউ